কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, খোলা হলো ১৬ জলকপাট
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত
মৌসুমি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমা অতিক্রম করেছে। পানির মাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটই খুলে দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় রাঙামাটি জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের বাড়িঘর প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্পিলওয়ের জলকপাট খুলে দিয়ে অতিরিক্ত পানি সরিয়ে নেওয়া হচ্ছে। হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো আবার বন্ধ করে দেওয়া হবে।
এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে ১০৬ দশমিক ১ ফুট এমএসএল হলে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। সে সময় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল। পরে হ্রদের পানির পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে জলকপাট খোলার মাত্রা বাড়ানো হয়।
আরো পড়ুন: মাছ নিয়ে ফেরার পথে মাঝসাগরে ট্রলারডুবি, উদ্ধার ১৪ জেলে
একপর্যায়ে ১৬টি জলকপাটের প্রতিটিই ৩ ফুট করে খুলে দেওয়া হলে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি বের করে দেওয়া হয়। এতে ধীরে ধীরে হ্রদের পানির উচ্চতা কমতে শুরু করলে পরবর্তীতে স্পিলওয়ের সব কটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছিল।
তবে সাম্প্রতিক সময়ে আবারও কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় শুক্রবার সকাল থেকে স্পিলওয়ের ১৬টি জলকপাট পুনরায় খুলে দেওয়া হয়েছে। অতিরিক্ত পানি নিষ্কাশনের মাধ্যমে হ্রদের পানির উচ্চতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে গেটগুলো বন্ধ করে দেওয়া হবে।’
কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। এ কারণে পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
