×

সিলেট

‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগ, জিডির পর হেফাজতে নিল পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগ, জিডির পর হেফাজতে নিল পুলিশ

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভের পর কৃপেশ চন্দ্র রায় নামে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে ওই ব্যক্তির দাবি, তাঁর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপত্তিকর পোস্ট ছড়ানো হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ।

কৃপেশ চন্দ্র রায়ের বয়স ৪০ বছর। তিনি আগে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। তবে প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রোববার সকাল থেকে ‘kripash ray’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননাকর বলে বিবেচিত কিছু পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরে রোববার মধ্যরাতে তাহিরপুর থানায় গিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেন কৃপেশ। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে সাম্প্রদায়িক ও উসকানিমূলক প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন: একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

এদিকে, কৃপেশকে গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ ও মিছিল করেন একদল লোক। পরিস্থিতির খবর পেয়ে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, দলের আরেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রাজারগাঁওয়ে যান।

তাঁরা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের দাবির মুখে কৃপেশকে হেফাজতে নেয়।

পুলিশ তাঁকে তাহিরপুর থানায় নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, “আমরা উত্তেজিত মুসলিম জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সে জন্য কঠোর আহ্বান জানিয়েছি।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। এখন সংশ্লিষ্টরা আইন অনুযায়ী বিষয়টি দেখবেন। কেউ যাতে বাড়াবাড়ি করতে না পারেন, সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানান তিনি।

কৃপেশের প্রতিবেশী কাঞ্চন রায় বলেন, কৃপেশের মূল ফেসবুক অ্যাকাউন্টে তিনি যুক্ত আছেন। যে অ্যাকাউন্ট থেকে সাম্প্রদায়িক ও উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে, সেটি থেকে তাঁকেসহ অনেককে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়েছিল। রোববার ওই অ্যাকাউন্ট থেকেই আপত্তিকর পোস্ট দেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরে রাতে কৃপেশ থানায় জিডি করেন।

কৃপেশের চাচাতো ভাই কিরণ রায় জানান, কৃপেশ সিলেটের লামাবাজার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন কিরণ।

কৃপেশের ফুফা ও স্থানীয় শিক্ষক বিকাশ রায়ও জানান, কৃপেশ আগে পুলিশে চাকরি করতেন। তবে প্রায় এক বছর ধরে তিনি বাড়িতে রয়েছেন। বর্তমানে তাঁর চাকরির অবস্থা কী, তা তিনি জানেন না।

তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহমেদ বলেন, কৃপেশ পুলিশের একজন অনুপস্থিত সদস্য। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর করা জিডির বিষয়টিও তদন্ত করা হবে।

এ ছাড়া উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক’

রাশেদ খাঁন ‘ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক’

আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগ, জিডির পর হেফাজতে নিল পুলিশ

‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগ, জিডির পর হেফাজতে নিল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App