নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৮
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ‘এভার গ্রীন’ নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন আহত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কুড়েরপার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজার বাস টার্মিনাল থেকে ২৫ যাত্রী নিয়ে বাসটি ঢাকার পথে রওনা দেয়। পথে চান্দিনার কুড়েরপার এলাকায় একটি ইটভাটার সামনে পৌঁছালে হঠাৎ বাসটির ব্রেক অকার্যকর হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহত যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আরো পড়ুন: বারান্দার মাটি খুঁড়ে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক ১
বাসের যাত্রী আব্দুর রহমান বলেন, ‘কক্সবাজার থেকে ছাড়ার পর চট্টগ্রাম অংশের সাতকানিয়া এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চান্দিনায় পৌঁছালে গাড়িটির ব্রেক আবারও অকার্যকর হয়ে পড়ে। এতে চালক গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বাসটি খাদে পড়ে অন্তত আটজন যাত্রী আহত হন।’
বাসের সুপারভাইজার মাশরাফি বলেন, ‘সাতকানিয়া এলাকায় বাসটির একটি চাকা পাংচার হয়েছিল। সেখানে চাকা পরিবর্তন করে যাত্রা শুরু করার পর কুড়েরপার এলাকায় এসে হঠাৎ ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন।’
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
