মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ৪০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মোতালেব সওদাগরের দোকান, বেলাল টেইলার্স, ডা. আজাদের ওষুধের গোডাউন, ডা. নাজিমের প্রতিষ্ঠান, জাহাঙ্গীর মিস্ত্রির অটো গ্যারেজ, নুরুদ্দিন ও রাসেলের ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি কর্মকারের দোকান।
শেখেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. মহসিন জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর হিসাবে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রাত ১২টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয় এলাকাবাসীর দাবি, অটোরিকশার গ্যারেজের চার্জিং পয়েন্ট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
