নেশার টাকার জন্য মেয়েকে বিক্রির চেষ্টা, অতঃপর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
সন্তানের জন্য যে বাবা সব বিপদ মাথায় পেতে নেন, আজ সেই বাবাই মাদকের টাকা জন্য জোগাড় করতে নিজের ২০ মাসের নিষ্পাপ কন্যাসন্তানকে বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ ও শিশুটির মা জানান, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত। মাদক কেনার অর্থ জোগাড় করতে তিনি ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন বলে অভিযোগ রয়েছে।
আরো পড়ুন: দেশের ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি আভাস, নদীবন্দরে সতর্কতা
শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পেয়ে সদরঘাট থানার মোবাইল টহল দলের স্পেশাল-২৪ (নৈশ) কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যরা উদ্ধারে তৎপরতা শুরু করেন। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে পুলিশ শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, ‘শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম মাদারবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
