বান্দরবানে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে, ২ পর্যটক নিহত
থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন নির্দেশে তিন্দু মুখ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও আহতরা কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তারা পর্যটক হিসেবে থানচির তিন্দু এলাকায় ভ্রমণে এসেছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে পাঠানোর ব্যবস্থা করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুটাখালী থেকে আলীকদম হয়ে তিন্দু মুখ পর্যন্ত গাড়িতে এবং তিন্দু মূখ থেকে বাঘেমুখ পর্যন্ত ভ্রমনের উদেশ্যে আজ সোমবার সকালে বাড়ী থেকে রওনা করেন। পর্যটকবাহী ল্যান্ডক্রুজারটি তিন্দু মুখে তিন্দু সরকারী মাধ্যমিক স্কুলের পাশে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।
এ প্রতিবেদন লিখার আগ পর্যন্ত পর্যটক নিহত ও আহতদের নাম-পরিচয় এবং দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে উদ্ধারকারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর হতাহতের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।বিজিবি বলীপাড়া ৩৮ ব্যাটালিয়ানের উপ পরিচালক মেজ্বর মো: জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও বিজিবির পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।
