ফেনীতে মিষ্টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: ভোরের কাগজ
খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ফেনীতে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনিয়মের দায়ে জালালিয়া সুইটস অ্যান্ড পেস্ট্রি শপকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১০ নভেম্বর, মঙ্গলবার দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডস্থ মদিনা বাসস্ট্যান্ড-সংলগ্ন প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
