গ্রামবাংলার মঞ্চে নিভু নিভু যাত্রাপালার আলো, ঐতিহ্য আগলে রেখেছেন অজিত বাবু
হাবিবুর রহমান হবি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
একসময় শীতের রাত মানেই গ্রামবাংলার মাঠে মাঠে যাত্রাপালার আসর। সন্ধ্যা নামতেই দূরদূরান্ত থেকে ছুটে আসতেন দর্শক। কারও হাতে হারিকেন, কারও হাতে টর্চ। মঞ্চে শুরু হতো গান, সংলাপ আর অভিনয়। কখনো হাসির রোল, কখনো বিরহের সুর, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে রাত গড়িয়ে ভোর হতো। যাত্রাপালাকে ঘিরে পুরো গ্রাম হয়ে উঠত উৎসবের জনপদ।
কালের বিবর্তনে বদলে গেছে সেই চিত্র। টেলিভিশন, মুঠোফোন আর ইন্টারনেটের পর্দায় সীমাবদ্ধ হয়ে পড়েছে মানুষের বিনোদনের বড় একটি অংশ। মাঠের মঞ্চে কমেছে দর্শকের ভিড়, স্তিমিত হয়েছে যাত্রার ঢাকঢোল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই শিল্পমাধ্যম এখন হারিয়ে যাওয়ার পথে। তবে সেই ঐতিহ্যের আলো পুরোপুরি নিভে যেতে দিতে চান না গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী-ঘগোয়া গ্রামের অজিত বাবু। দুই যুগ ধরে নিজের ভালোবাসা, শ্রম ও উদ্যোগে স্থানীয় শিল্পীদের নিয়ে ধরে রেখেছেন যাত্রাপালার আয়োজন।
যাত্রাপালার পরিচালক অজিত বাবু বলেন, 'আমি দুই যুগ ধরে যাত্রাপালার সঙ্গে যুক্ত রয়েছি। শীত মৌসুম এলেই নিজ উদ্যোগে স্থানীয় শিল্পীদের নিয়ে যাত্রাপালার আয়োজন করি। আমাদের পরিবেশনায় গ্রামের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ ফিরে আসে। যাত্রাপালাকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। পাশাপাশি নতুন প্রজন্মও গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।'
একসময় যাত্রাপালা ছিল গ্রামীণ জীবনের বিনোদনের পাশাপাশি শিক্ষা ও সচেতনতারও গুরুত্বপূর্ণ মাধ্যম। মঞ্চের গল্পে উঠে আসত মানুষের জীবনসংগ্রাম, সামাজিক অসংগতি, পারিবারিক টানাপোড়েন, প্রেম-বিরহ, ইতিহাস ও ন্যায়-অন্যায়ের দ্বন্দ্ব। শিল্পীদের অভিনয় ও সংলাপে দর্শক কখনো হাসতেন, কখনো কাঁদতেন, আবার কখনো ভাবতেন সমাজ ও জীবনের নানা অসংগতি নিয়ে। যাত্রার আসর ছিল শুধু বিনোদনের জায়গা নয়, মানুষের সঙ্গে মানুষের দেখা হওয়া, গল্প বিনিময় এবং সামাজিক বন্ধন দৃঢ় করার এক অনন্য উপলক্ষ।
কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে বিনোদনের জগৎ। হাতের মুঠোয় স্মার্টফোন, ঘরে ঘরে টেলিভিশন আর ইন্টারনেটের সহজলভ্যতায় মানুষ এখন মুহূর্তেই পেয়ে যাচ্ছেন পছন্দের বিনোদন। অন্যদিকে আয়োজনের ব্যয়, পৃষ্ঠপোষকতার অভাব ও নানা সীমাবদ্ধতায় সংকুচিত হয়েছে যাত্রাপালার পরিসর। অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে নিয়মিত আয়োজন। মঞ্চ হারিয়েছেন স্থানীয় শিল্পীরা। নতুন প্রজন্মের অনেকের কাছেই যাত্রাপালা এখন প্রায় অপরিচিত এক সংস্কৃতির নাম।
এমন বাস্তবতায় অজিত বাবুর উদ্যোগ যেন হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখার এক নিরন্তর চেষ্টা। ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় শিল্পীদের একত্র করে তিনি শুধু বিনোদনের আয়োজন করছেন না, বরং নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার সাংস্কৃতিক পরিচয় পৌঁছে দেওয়ারও চেষ্টা করছেন।
স্থানীয় সংস্কৃতিপ্রেমী সাদ্দাম হোসেন বলেন, 'নিয়মিত আয়োজনের পাশাপাশি প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে যাত্রাপালা আবারও গ্রামবাংলার সাংস্কৃতিক জীবনে জায়গা করে নিতে পারে। হারিয়ে যেতে বসা এই শিল্পধারা বাঁচিয়ে রাখতে স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্কৃতিপ্রেমীদের এগিয়ে আসা প্রয়োজন।'
স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রেজাউল আলম বলেন, 'যাত্রাপালা ও যাত্রার গান বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করেই এ অঞ্চলের মানুষ যাত্রাপালার আয়োজন করেছে। আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে, যাত্রাশিল্পের প্রতি এখনো মানুষের ভালোবাসা রয়েছে। এ শিল্প মানুষের কথা বলে, মানুষের জীবনমান ও জীবনসংগ্রামের কথা তুলে ধরে। যাত্রাশিল্পের চর্চার মধ্য দিয়ে এ অঞ্চলে সংস্কৃতির আরও বিকাশ ঘটবে বলে আশা করি।'
সংস্কৃতি শুধু অতীতের স্মৃতিচারণ নয়, এটি একটি জনপদের আত্মপরিচয়। যে মঞ্চে একসময় মানুষ রাত জেগে গল্প শুনতেন, হাসতেন, কাঁদতেন, সেই মঞ্চ হারিয়ে গেলে হারিয়ে যাবে একটি সময়ের সামাজিক ও সাংস্কৃতিক স্মৃতিও। তাই যাত্রাপালাকে বাঁচিয়ে রাখা মানে শুধু একটি বিনোদনমাধ্যমকে টিকিয়ে রাখা নয়, গ্রামবাংলার ঐতিহ্য, শিল্পীসত্তা ও সাংস্কৃতিক শেকড়কে সংরক্ষণ করা।
সুন্দরগঞ্জের নাচনী-ঘগোয়া গ্রামের অজিত বাবু ও স্থানীয় শিল্পীরা সীমিত সামর্থ্য নিয়ে সেই চেষ্টাই করে যাচ্ছেন। তাদের প্রত্যাশা, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আবারও প্রাণ ফিরে পাবে যাত্রাপালার মঞ্চ, ফিরবে দর্শকের পদচারণা, নতুন প্রজন্ম চিনবে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য।
সময় বদলাবে, বদলাবে বিনোদনের মাধ্যমও। কিন্তু শেকড়ের টান কি এত সহজে মুছে যায়? গ্রামের কোনো এক শীতের রাতে আবারও মঞ্চে উঠবেন শিল্পীরা, বেজে উঠবে যাত্রার গান। সেই মঞ্চের আলো যেন একদিন চিরতরে নিভে না যায়, এ প্রত্যাশা শুধু অজিত বাবুর নয়, গ্রামবাংলার ঐতিহ্যকে ভালোবাসা প্রতিটি মানুষের।
