ড. ইউনূসের বাড়িতে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি আরও জানান, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে পাঁচলাইশের এই বাড়িতে। তবে তাঁর মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।
এর আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
