যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ফেনীর দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান ও দাগনভূঞা পৌর কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সনিকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে নিজের বাংলোতে আসতে বলেন ওসি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিওটি ছড়িয়ে পড়ে। এতে ওসিকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
সনি এতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’
কথোপকথনের একপর্যায়ে সনি ওসিকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন। এ ছাড়া দুই লাখ টাকা দেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর বিষয়েও তাঁদের কথোপকথন শোনা যায় অডিওতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর ওসি ও সনির কথোপকথনের অডিওটি প্রকাশ্যে আসে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন সনি। তাঁর দাবি, গ্রেফতারের পর থানা হাজতে ওসি তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেন এবং তাঁকে আলিঙ্গনের অনুরোধ জানান।
সনি আরও দাবি করেন, ৫৪ ধারায় আদালতে পাঠানোর কথা বলে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে তিনি ওসিকে দুই লাখ টাকা ঘুষ দেন। কিন্তু টাকা নেওয়ার পরও তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
জামিনে মুক্তি পাওয়ার পরও ওসি তাঁকে নিজের বাসায় যাওয়ার অনুরোধ করেন এবং আপত্তিকর ইঙ্গিত দেন বলে অভিযোগ করেন সনি। এতে সাড়া না দেওয়ায় তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বানিয়ে গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ওসির বিরুদ্ধে বিচার দাবি করেছেন সনি।
তবে সনির তোলা অভিযোগ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজীম নোমান। অডিওতে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামি গ্রেফতারের কৌশল হিসেবে সনিকে বাসায় আসতে বলেছিলেন। অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই তাঁকে ডাকা হয়েছিল; এর পেছনে অসৎ কোনো উদ্দেশ্য ছিল না।
পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন ওসি।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, অডিও রেকর্ডটি ফ্যাক্ট চেকিংয়ের জন্য পাঠানো হয়েছে। যাচাই-বাছাইয়ে এর সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
