গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সুমি ওরফে সুমা (৩০) নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনার মূল অভিযুক্ত খলিল (৩৫) ও তার স্ত্রী নাছিমাকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
সুমা ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা মো. অলিউল্লাহর স্ত্রী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সময় নিহত সুমার (৩০) উপস্থিতিতে তার স্বামী অলিউল্লাহ ঘরের পাশে লাগানো গাছের ডাল কাটতে থাকেন।
এ সময় প্রতিবেশী খলিলের স্ত্রী নাছিমা (৪০) ডাল কাটতে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে নাছিমার স্বামী খলিল ঘর থেকে ছুরি এনে সুমার বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে চাইলে পথেই তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত মো. খলিল ও তার স্ত্রী নাছিমাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
