×

ঢাকা

সিংগাইরে কৃষিজমির মাটি লুটের মহোৎসব

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

 সিংগাইরে কৃষিজমির মাটি লুটের মহোৎসব

সিংগাইরে কৃষিজমির মাটি লুট, ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জুড়ে অবাধে চলছে কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) কাটা। আবাসিক এলাকা ও তিন ফসলি জমির ওপর গড়ে ওঠা অন্তত ৫৮টি ইটভাটায় প্রতিদিনই ব্যবহার হচ্ছে এসব মাটি। ফলে বিস্তীর্ণ আবাদি জমি পরিণত হচ্ছে গভীর গর্ত ও ডোবা-নালায়; ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন, বিপর্যস্ত হচ্ছে পরিবেশ ও গ্রামীণ অবকাঠামো।

উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বলধরায় রয়েছে ২৭টি, চান্দহরে ১৩টি, জামির্ত্তায় ৬টি, বায়রায় ৬টি, চারিগ্রামে ৩টি, ধল্লায় ২টি এবং সদর ইউনিয়নে ১টি ইটভাটা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি। বন্ধ হওয়া কয়েকটি ভাটা নতুন নামে বা ভাড়ায় পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সরেজমিনে বলধরা ইউনিয়নে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি জমি গভীর খাদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এখানে মাটি ব্যবসায়ী সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন কুদ্দুস কোম্পানি, তার ভাই মহর আলী, লালন মিয়া ও ভাতিজা রবিন। এছাড়া সোহেল, মিন্টু, জিয়া, আকবর, নুরু ও টুটুলের নামও উঠে এসেছে।


খোলাপাড়া মৌজার বদ্দর চক এলাকার ভুক্তভোগী আমিনুর ইসলাম, ইদ্রিস আলী ও ফারুক আহমেদ অভিযোগ করেন, পাশের জমি গভীর করে মাটি কাটায় তাঁদের তিন ফসলি জমি ভেঙে পড়ছে। লালন মিয়ার বিরুদ্ধে কমদামে জমি কিনতে চাপ ও হুমকির অভিযোগও করেন তারা। এ বিষয়ে সদ্য নির্বাচিত সংসদ সদস্যের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।

জামির্ত্তা ইউনিয়নের হাতনি ও জাইল্লার চকে ৬টি ইটভাটা সচল রয়েছে, যার চারটি ভাড়ায় পরিচালিত। স্থানীয়দের দাবি, রিপন, আইনুল, সাদিক, আরিফুল, মঞ্জু, আলামিন, রাজু ও দ্বীন ইসলামের নেতৃত্বে চলছে মাটি কাটা। রাতের আঁধারে ড্রাম ট্রাকে মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে।

চান্দহর ইউনিয়নের রিফায়েতপুর, ওয়াইজনগর, বাঘুলি ও চালিতাপাড়া চকে গড়ে ওঠা ১৩টি ভাটার জন্যও স্থানীয় কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। মালেক, রেহানুল রায়হান, ইজ্জত আলী, লাল মিয়া, মনির, শহিদুল, হুসো, কাইল্লা হাসান,  মোশারফ ও সেলিমের নাম উল্লেখ করেছেন এলাকাবাসী।

চারিগ্রাম ইউনিয়নে জাহাঙ্গীর, হলু বেপারী, বাবুল ও হালিম; জামশায় জাহাঙ্গীর, কাদের, আমিনুল ও বাবুল; বায়রায় নাসির ও জামিলের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, দিনের বদলে রাতকে বেছে নিয়ে চলছে টপসয়েল কাটা। এতে প্রতিবছর ফসলি জমি ডোবা-নালায় পরিণত হচ্ছে। ইটভাটার কালো ধোঁয়ায় বাড়ছে বায়ুদূষণ, ভারী ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকা-আধাপাকা সড়ক।

সুদক্ষিরা-জাইল্লা এলাকার মাঝামাঝি আবাসিক পরিবেশে গড়ে ওঠা ‘সুপার ব্রিকস’ নামের একটি ভাটার ট্রাকে ২০২১ সালের ৬ মে বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ডে নজরুল ইসলাম বাবুল নিহত হন। অভিযোগ রয়েছে, মীমাংসার পরও পরিবার ক্ষতিপূরণ পায়নি।

উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস খান বলেন, অধিকাংশ ভাটা ভাড়ায় পরিচালিত। “মাটি ছাড়া ভাটা চলবে না। মাটির ব্যবসায়ীরা ভাটার সঙ্গে সরাসরি জড়িত নয়—প্রশাসন চাইলে ব্যবস্থা নিতে পারে।” তিনি স্বীকার করেন, অন্তত চারটি ভাটা অবৈধ।

থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ফসলি জমির মাটি কাটা অন্যায়; মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ সহযোগিতা করছে।

উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী বলেন, এ উপজেলায় একটি ইটভাটাও বিধিসম্মত নয় এবং কৃষি বিভাগের মতামত নেওয়া হয় না।

পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধ ভাটা ও কৃষিজমির মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনায় প্রস্তুত রয়েছে পরিবেশ অধিদপ্তর।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, চলতি মৌসুমে টপসয়েল কাটার অভিযোগে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা এবং তিনটি ভেকু অকার্যকর করা হয়েছে। “যেখানেই অভিযোগ পাচ্ছি, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে,” দাবি তাঁর।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App