এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:১৯ এএম
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাস এসে সজোড়ে ধাক্কা দিলে অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন- অর্প (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মো. আলী মিয়া শেখ (৪৭), ফারুক হোসেন (৪০), শিউলী আক্তার (৩০), খান মৌসুমী ফেরদৌস (৩৯) এবং হামিদুল ইসলাম (২৫)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘শনিবার রাত ১২টা ৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পরপরই স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।’
আরো পড়ুন: রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২
তিনি আররো বলেন, ‘সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে বাসে থাকা ৮ জন যাত্রী আহত হন।’
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসকরা আহত সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। তবে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের দ্রুত উদ্ধার অভিযান এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
