×

ঢাকা

দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে গুগল, মেটা ও টিকটকের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (৮ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম হাই-টেক পার্ক কালিয়াকৈর হাই-টেক পার্ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। দেশের প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সরেজমিনে দেখতে মন্ত্রী সেখানে যান। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শনের অংশ হিসেবে শনিবার গাজীপুর সফর করেন মন্ত্রী। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের পাশাপাশি সফটওয়্যার, অ্যাপ ও হার্ডওয়্যার শিল্পে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে নেওয়া এবং ‘মেইড ইন বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে দেশীয় পণ্যকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করার অঙ্গীকার রয়েছে।

আরও পড়ুন: বড় সুখবর দিল ফেসবুক

এ প্রসঙ্গে ফকির মাহবুব আনাম বলেন, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের আলোকে ‘ন্যাশনাল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি’ বাস্তবায়ন এবং এআই হাব, সফটওয়্যার, অ্যাপ ও হার্ডওয়্যার উৎপাদনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ফিসক্যাল ও নন-ফিসক্যাল প্রণোদনার প্রস্তাবও প্রস্তুত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, মৌলিক অবকাঠামো উন্নয়নের পর দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানিকে পার্কে জমি ও রেডি স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে সফটওয়্যার, অ্যাপ, হার্ডওয়্যারসহ তথ্যপ্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ, বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

৮৫ প্রতিষ্ঠানের বিনিয়োগ, উৎপাদনে ৪০

মন্ত্রী জানান, কালিয়াকৈর হাই-টেক পার্কে এখন পর্যন্ত মোট ৮৫টি প্রতিষ্ঠানকে জমি বা স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি বিদেশি প্রতিষ্ঠান। বরাদ্দ পাওয়া ৮৫ প্রতিষ্ঠানের মধ্যে ৪০টি ইতোমধ্যে ব্যবসা বা উৎপাদন কার্যক্রম শুরু করেছে। আরও ২৮টি প্রতিষ্ঠানের নির্মাণকাজ চলছে এবং ১৭টি প্রতিষ্ঠান শিগগিরই নির্মাণকাজ শুরু করবে।

পার্কে মোট বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ প্রায় ১ দশমিক ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার বা প্রায় ৩ হাজার ২৪৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এ ছাড়া মৌলিক অবকাঠামো উন্নয়নে সরকার এখন পর্যন্ত ৫০০ কোটি টাকার বেশি ব্যয় করেছে।

ব্যবসায়িক ইকোসিস্টেম যথাযথভাবে গড়ে তোলা সম্ভব হলে কালিয়াকৈর হাই-টেক পার্ক থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানান মন্ত্রী।

চীন-জাপান-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগ প্রস্তাব

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে ফকির মাহবুব আনাম বলেন, চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রভিত্তিক সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট প্রায় ৬২৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে।

তাঁর মতে, এতে কালিয়াকৈর হাই-টেক পার্ক শুধু দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনের কেন্দ্র নয়, ভবিষ্যতে বিদেশি প্রযুক্তি কোম্পানির উৎপাদন, সংযোজন, গবেষণা ও উন্নয়ন এবং রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে পার্কটিতে অনর, শাওমিসহ তিনটি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান, দুটি ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান, একটি এটিএম ও ক্যাশ রিসাইকেলার মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠান, ছয়টি ফাইবার অপটিক্যাল কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং হুন্দাইসহ তিনটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে।

এ ছাড়া আইওটি ডিভাইস, রাউটার, সুইচ, সিসিটিভি, এসি, রেফ্রিজারেটর, হোম অ্যাপ্লায়েন্স, কিডনি ডায়ালাইসিস মেশিন, কিয়স্ক ও এটিএম মেশিনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদন হচ্ছে। দুটি প্রতিষ্ঠান ডেটা সেন্টার স্থাপনের কাজ করছে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানির প্রস্তাবিত এআই ডেটা সেন্টার প্রকল্পে গুগল, মেটা (ফেসবুক), টিকটকসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। প্রকল্পটির নির্মাণকাজ বর্তমানে চলছে।

অবকাঠামো উন্নয়নে গুরুত্ব

কালিয়াকৈর হাই-টেক পার্কের সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান মন্ত্রী। এর মধ্যে অসম্পূর্ণ মৌলিক অবকাঠামোর কাজ দ্রুত শেষ করা, নিরাপত্তা ও সিসিটিভি মনিটরিং জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ডাবল লাইন সংযোগ, গ্যাসলাইন স্থাপন এবং প্রশাসনিক ও সামাজিক অবকাঠামো সম্পন্ন করার বিষয়গুলো রয়েছে।

এ ছাড়া বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা দিতে জনবল ঘাটতি পূরণ, কাস্টমস হাউসের সেবা চালু, অসম্পূর্ণ কাজ শেষ করতে সমন্বিত প্রকল্প গ্রহণ এবং নিয়মিত রেল যোগাযোগ চালুর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান এসআরও সংশোধন বা পরিমার্জনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

বিনিয়োগকারীদের জন্য বাড়তি সুবিধার প্রস্তাব

হাই-টেক পার্কে বিনিয়োগ আরও বাড়াতে বিভিন্ন নীতিগত সুবিধা দেওয়ার প্রস্তাব করা হচ্ছে বলে জানান ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর সুবিধা, বিদ্যুৎ ও গ্যাসসহ প্রয়োজনীয় সেবায় ভ্যাট সুবিধা, হাই-টেক পণ্যের তালিকা সম্প্রসারণ এবং ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি অ্যাসেম্বলিং প্রতিষ্ঠানকেও সুবিধার আওতায় আনার প্রস্তাব রয়েছে।

একই সঙ্গে স্থানীয় বাজারে পণ্য বিপণনের ক্ষেত্রে কাঁচামালে শুল্ক-কর রেয়াত, স্থিতিশীল আয়কর সুবিধা এবং ইভি ব্যাটারি, সোলার ব্যাটারি, ইউপিএস ব্যাটারি ও ই-বাইকের মতো নতুন প্রযুক্তি খাতের জন্য পৃথক প্রণোদনা কাঠামো তৈরির প্রস্তাবও প্রস্তুত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, অবকাঠামোগত সক্ষমতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও পূর্বানুমেয় নীতিগত সুবিধা নিশ্চিত করা গেলে কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগের গতি আরও বাড়বে। এর ফলে দেশে প্রযুক্তিপণ্যের স্থানীয় উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভরতা কমানো, রপ্তানি সম্প্রসারণ এবং উচ্চ দক্ষতার কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি হবে।

পরিদর্শনকালে কালিয়াকৈর হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সফরের শুরুতে কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামে ধস, জেনে নিন লিটার কত টাকা

বিশ্ববাজারে তেলের দামে ধস, জেনে নিন লিটার কত টাকা

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App