প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম
ইনামুল মোল্লা। ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগের তদন্তে সত্যতা মিললে তাকে স্থায়ীভাবে দল ও দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দলটি।
বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ছিলেন। তিনি পৌরসভার কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। পাশাপাশি বোয়ালমারী বাজারের মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কাজ করেন।
আরও পড়ুন: বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা
দলীয় ও স্থানীয় সূত্রের দাবি, কুশডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে ইনামুলের অনৈতিক সম্পর্ক চলে আসছিল। ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারসহ স্থানীয় বিভিন্ন মহলে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্লার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইনামুলের কর্মস্থল মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, “দুদিন আগে ওই নারীর স্বামী প্রবাস থেকে আমাকে ফোন করে ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের কথা জানান। ইনামুল যেহেতু আমাদের প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চান। আমি তাকে বিষয়টি আমার জানা নেই বলে জানিয়েছি।”
আরও পড়ুন: স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন
সৈয়দ সাজ্জাদ আলী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠায় ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, “কোনো ব্যক্তির অপকর্ম বা খারাপ কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।”
