ঝোপে মিলল বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
সোনারগাঁওয়ের কাঁচপুর উত্তরপাড়া এলাকার একটি ভাঙারি গোডাউনের পরিত্যক্ত ভবনের পাশের ঝোপ থেকে আইয়ুব হোসেন (৫০) নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকায় ‘জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি ওই এলাকায় একটি পরিত্যক্ত ভবনের নিচে ভাঙারির দোকান পরিচালনা করতেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলের পর থেকে আইয়ুব হোসেনকে এলাকায় দেখা যায়নি। বুধবার সকালে স্থানীয় কয়েকজন তার দোকানের পেছনের ঝোপের পাশ দিয়ে যাওয়ার সময় রক্তমাখা একটি বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করলে এর ভেতর আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়।
আরো পড়ুন: মারিয়া মাহির মৃত্যুর রহস্য উন্মোচন, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তথ্য
স্থানীয়দের দাবি, ঘটনার পর ‘জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনে থাকা একটি ভাঙারি গোডাউনের পরিত্যক্ত ভবনের নৈশপ্রহরী জমিরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, আইয়ুব হোসেন একজন ভাঙারি ব্যবসায়ী। তার দোকানের পেছনের ঝোপ থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন কি না জানতে চাইলে ওসি বলেন, ‘নিখোঁজের বিষয়টি পুলিশের জানা নেই। এ বিষয়ে থানায় কেউ অবগত করেনি।’
