৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি : সংগৃহীত
দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ-সংক্রান্ত একটি অফিস আদেশ গত বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আদেশ অনুযায়ী, এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ২২ জুলাই বোর্ডের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল। কয়েকটি প্রতিষ্ঠান জবাব দিলেও তালিকাভুক্ত বাকি প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা জমা দেয়নি।
এ অবস্থায় যেসব প্রতিষ্ঠান এখনও কোনো জবাব দেয়নি, তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে বোর্ডে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের অনুমতির শর্তসহ অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা বোর্ডের রয়েছে।
অফিস আদেশের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়েছে।
