×

শিক্ষা

ফেসবুকে মৃত্যুর তারিখ লিখে ‘ছাদ থেকে লাফ’, অতঃপর..

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

ফেসবুকে মৃত্যুর তারিখ লিখে ‘ছাদ থেকে লাফ’, অতঃপর..

ছবি: সংগৃহীত

রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ ক্যাম্পাসের একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অমিত ঘোষ (১৬)। বর্তমানে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে সে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মালিবাগ ক্যাম্পাসের ৬ নম্বর ভবনের ১১তলা থেকে অমিত নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

অমিতের ২০২৭ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ভবন থেকে তার পড়ে যাওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি সে ইচ্ছাকৃতভাবে লাফ দিয়েছিল—এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা?

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষক দাবি করেছেন, অমিত আত্মহত্যার উদ্দেশ্যে ভবন থেকে লাফ দিয়েছে। তার ব্যাগ থেকে কথিত একটি সুইসাইড নোট পাওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, কয়েকজন অভিভাবক ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ। তাদের ভাষ্য, যে ভবন থেকে অমিত পড়ে গেছে সেটি এখনো নির্মাণাধীন। ভবনের ১১তলা পুরোপুরি খোলা এবং সেখানে নির্মাণকাজ চলমান। শিক্ষার্থীদের সেখানে যাতায়াত নিষেধ ছিল। ফলে অমিত সেখানে কীভাবে গেল এবং কীভাবে নিচে পড়ে গেল, সেটি তদন্ত করে দেখা প্রয়োজন।

ফেসবুক প্রোফাইলের তথ্য ঘিরে আলোচনা

ঘটনার পর অমিতের ব্যবহৃত ফেসবুক প্রোফাইলের বায়োতে লেখা তথ্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। সেখানে তার জন্মতারিখের পাশাপাশি ‘13/09/2026’ তারিখটি মৃত্যুর তারিখ হিসেবে উল্লেখ করা রয়েছে। একই সঙ্গে ইংরেজিতে লেখা রয়েছে, ‘Stand proud. You're limited edition. Only one ever created.’

আরও পড়ুন: ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে উত্তেজনা, ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী

ঘটনার পর প্রোফাইলে আগে থেকেই ওই তারিখ উল্লেখ থাকার বিষয়টি দেখে অনেকেই ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে ধারণা করছেন। তবে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে থাকা তথ্যের ভিত্তিতে ঘটনাটির কারণ নিশ্চিত করা যায় না।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অন্তত তিনজন শিক্ষক ও দুজন অভিভাবক জানান, রোববার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে ৬ নম্বর ভবনের ১১তলা থেকে অমিত নিচে পড়ে যায়। উপুড় হয়ে পড়ায় তার নাক-মুখ ও মাথায় গুরুতর আঘাত লাগে।

ঘটনার প্রত্যক্ষদর্শী অভিভাবক শাকিলা আক্তার দীপা সাউথ পয়েন্ট স্কুলের একটি ফেসবুক গ্রুপে দাবি করেন, অমিত নিজেই ভবন থেকে লাফ দিয়েছিল। তার ব্যাগে একটি সুইসাইড নোট পাওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তবে এসব তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শিক্ষক গোপাল দেবনাথও জানিয়েছেন, তিনি ঘটনাটি নিজে দেখেননি; শিক্ষার্থী লাফ দিয়েছে নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

গেমে আসক্তির দাবি শিক্ষকের

ঘটনার পর স্কুলের বিভিন্ন অভিভাবক গ্রুপে অমিতের গেমে আসক্ত থাকার বিষয়টি নিয়েও আলোচনা হয়। একটি গ্রুপে গণিতের শিক্ষক গোপাল দেবনাথ দাবি করেন, অমিত ‘anime’ নামের একটি মোবাইল গেমে আসক্ত ছিল এবং সে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

তবে পরে গোপাল দেবনাথ বলেন, ‘৬ নম্বর ভবনের ১১তলা থেকে লাফ দিয়েছে, এটুকুই আমি শুনেছি। কিন্তু সে লাফ দিয়েছে, নাকি পড়ে গেছে তা জানি না। আর তার ব্যাগে নাকি সুইসাইড নোট পাওয়া গেছে। সবই শুনেছি। আমি কিছু দেখিনি। গেমে আসক্তির বিষয়টিও শোনা।’

ঢামেক থেকে নেওয়া হয়েছে অন্য হাসপাতালে

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আহত শিক্ষার্থী অমিত ঘোষকে সকালে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিবারের সদস্যরা তাকে শ্যামলীর একটি হাসপাতালে নিয়ে যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢামেক থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে, অমিতের ভবন থেকে পড়ে যাওয়ার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাটি দুর্ঘটনা, নাকি ইচ্ছাকৃতভাবে লাফ দেওয়ার ঘটনা—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

বিষয়টি নিয়ে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শামসুল আলম ও উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। অমিতের পরিবারের একটি মোবাইল নম্বরেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামসার টাঙ্গুয়ার হাওর অস্তিত্বসংকটে, অপরিকল্পিত পর্যটনে বাড়ছে মৃত্যু

রামসার টাঙ্গুয়ার হাওর অস্তিত্বসংকটে, অপরিকল্পিত পর্যটনে বাড়ছে মৃত্যু

প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

ডাকসুর তিন কাণ্ডে ৩ তদন্ত কমিটি

ডাকসুর তিন কাণ্ডে ৩ তদন্ত কমিটি

জিন্নাহর ছবি ভাঙচুর করা ব্যক্তি ঢাবির উর্দুর শিক্ষার্থী

জিন্নাহর ছবি ভাঙচুর করা ব্যক্তি ঢাবির উর্দুর শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App