ট্রফির সঙ্গে মাঠে কেন দীপিকা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম
রবিবার রাতে কাতার বিশ্বকাপ ফাইনালে ট্রফির সঙ্গে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দেখা যায়। পাশে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। ছবি: বলিউড হাঙ্গামার
কাতার বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে নোরা ফাতেহির মতো আরও অনেকে বলিউড অভিনেত্রীকেই দেখা গেছে। তাদের মধ্যে অন্যতম হলেন দীপিকা পাড়ুকোন।
রবিবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচের আগে মাঠের ভেতর বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। কিন্তু কেন তিনি এভাবে ট্রফির সঙ্গে মাঠে গেলেন? কৌতুহলী দর্শকদের মনে উঠছে হাজারো প্রশ্ন। প্রকৃতপক্ষে ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস ‘লুই ভিতোঁ’র গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা। তিনিই ওই ফরাসি কোম্পানির প্রথম প্রতিনিধি। খবর এনডিটিভির।
বিশ্বকাপের ট্রফি মূলত সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে থাকে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি নিয়ে আসা হয় একটি বাক্সে করে। ২০১০ থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছে ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতোঁ।
বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লুই ভিতোঁ সেই বাক্সটিতে ট্রফি নিয়ে মাঠে হাজির হন দীপিকা। বিশ্বকাপে ভারত না থাকলেও একজন ভারতীয় হিসেবে ফাইনালে ট্রফি নেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীপিকা। ট্রফির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন থেকে শুরু করে ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হওয়া সত্যিই এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না।’
