ভেনিসে বাঁধনের ওপর হামলা, হামলাকারীদের শনাক্তে বিশেষ পুলিশ শাখা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি : সংগৃহীত
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে স্থানীয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে ইতালীয় পুলিশের একটি বিশেষ শাখা।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইতালির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’র এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওরিয়ন্তি’ বিভাগে নির্বাচিত রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রতিনিধি হিসেবে বর্তমানে ভেনিসে অবস্থান করছেন অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকায় অবস্থানের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা তিনি শারীরিক হামলা ও মানসিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা
অভিযোগ অনুযায়ী, হামলার সময় বাঁধনকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচারবিরোধী গণতন্ত্রপন্থী গণআন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি বা আহতদের বোঝাতে ‘জুলাই যোদ্ধা’ শব্দটি ব্যবহৃত হয়। ওই গণআন্দোলনের মুখেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
‘ইল গাজ্জেত্তিনো’র প্রতিবেদনে আরও বলা হয়, বাঁধনের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভেনিস পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে, তাদের দ্রুত শনাক্ত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে হামলা ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ তুলে ধরেন বাঁধন। এ ঘটনায় তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের দিকে অভিযোগের আঙুল তোলেন।
লাইভে বাঁধন জানান, ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে যাওয়ার পর একদল প্রবাসী বাঙালি সেখানে এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করে। তার শরীরে পানি ও কোল্ডড্রিংকস ছুড়ে মারা হয়।
ঘটনার সময় ভাইয়ের ছোট শিশুও সঙ্গে ছিল জানিয়ে বাঁধন বলেন, তার ভাতিজা ভয় পেয়ে চিৎকার করছিল।
আরও পড়ুন: ৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?
হামলাকারীরা তার গায়ে হাত তুলেছে অভিযোগ করে বাঁধন বলেন, ‘তারা আমার ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছে এবং আমার কানের পাশে বাড়ি মেরেছে। তারা আমাকে জুলাইযোদ্ধা বলেছে। আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। বাঁধনের ভাষ্য, ‘তারা আমাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। সেগুলো তারা ভিডিও করছিল। লাইভ করছিল।’
ঘটনার ভয়াবহতা তুলে ধরে বাঁধন বলেন, ‘আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।’
এদিকে বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় দেশের শিল্পাঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অভিনেতা-অভিনেত্রী এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
আরও পড়ুন: শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিনেত্রী পরী মণি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল এক পোস্টে লিখেছেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’
অভিনেত্রী জাকিয়া বারী মম বাঁধনকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ঘটনার প্রতি ঘৃণা প্রকাশ করেন। পরবর্তী এক পোস্টে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ ও অসন্তোষের কথা জানান।
আরও পড়ুন: পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে
ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির বলেন, দেশের বাইরে চলচ্চিত্র ও মাতৃভূমির প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন শিল্পীকে অপমান, হয়রানি ও আতঙ্কের মুখে পড়তে হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ছাড়া অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তারা হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশে ও বিদেশে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
