চট্টগ্রামে আবার শুরু এইচএসসি পরীক্ষা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম
ছবি : সংগৃহীত
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আবার শুরু হচ্ছে আজ (২৭ জুলাই) থেকে। প্রায় তিন সপ্তাহ বিরতির পর পরীক্ষার হলে ফিরছেন এ বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী। একই সঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, সকাল ১০টা থেকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে নেওয়া হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা অংশ নেবেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায়।
বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তের আওতায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাও স্থগিত করা হয়।
পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। সে অনুযায়ী শিক্ষার্থীরা বর্তমানে কার্যকর নিয়মিত রুটিন অনুসারেই পরীক্ষায় অংশ নেবেন।
আরো পড়ুন : বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি
তবে স্থগিতাদেশ জারির আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ ছিল। তবে এ সময় দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।
চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সারা দেশে এ পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্র।
