বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:২৬ পিএম
ফাইল ছবি
বিশ্বকাপ জেতার মাহাত্ম্য কখনোই টাকায় মাপা যায় না। সোনালি ট্রফি হাতে নেওয়া, ইতিহাসে জায়গা করে নেওয়া, একটি দেশের ফুটবল স্মৃতিতে অমর হয়ে যাওয়া—এসবের মূল্য আলাদা। তবে আধুনিক ফুটবলে বিশ্বকাপ শুধু গৌরবের লড়াই নয়, বড় অঙ্কের অর্থ পুরস্কারের মঞ্চও।
২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পাবে ৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১৬ কোটি টাকা। ডলার রেটের ওঠানামার কারণে টাকার অঙ্ক কিছুটা কম-বেশি হতে পারে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮ দল খেলবে বিশ্বকাপে। ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪টি। দল ও ম্যাচ বাড়ার সঙ্গে সঙ্গে পুরস্কারের অঙ্কও বেড়েছে বড়ভাবে।
ফিফার ঘোষণায় ৪৮ দলের মধ্যে পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে মোট ৬৫৫ মিলিয়ন ডলার বা ৬৫ কোটি ৫০ লাখ ডলার বিতরণের কথা বলা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার। রানার্সআপ দলের জন্য থাকছে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় হওয়া দল পাবে ২৯ মিলিয়ন ডলার, আর চতুর্থ দল পাবে ২৭ মিলিয়ন ডলার।
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলোও পাবে বড় অঙ্কের অর্থ। পঞ্চম থেকে অষ্টম স্থানে থাকা প্রতিটি দল পাবে ১৯ মিলিয়ন ডলার। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য থাকছে ১৫ মিলিয়ন ডলার করে। রাউন্ড অব ৩২ থেকে বাদ পড়া দল পাবে ১১ মিলিয়ন ডলার। আর গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলগুলোর পারফরম্যান্সভিত্তিক পুরস্কার ৯ মিলিয়ন ডলার।
এর বাইরে অংশ নেওয়া প্রতিটি দল প্রস্তুতি ও অংশগ্রহণ বাবদ আলাদা অর্থও পাবে। ফিফা পরে অংশগ্রহণকারী ৪৮ সদস্য অ্যাসোসিয়েশনের জন্য মোট আর্থিক বিতরণ বাড়িয়ে প্রায় ৮৭১ মিলিয়ন ডলার করেছে। এর মধ্যে প্রস্তুতি খরচের অর্থ ২.৫ মিলিয়ন ডলার এবং যোগ্যতা অর্জনের অর্থ ১০ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে।
অর্থাৎ শুধু চ্যাম্পিয়ন দলই নয়, বিশ্বকাপে জায়গা পাওয়া প্রতিটি দলই বড় অঙ্কের অর্থ পাবে। তবে ট্রফি হাতে নেওয়া দলের জন্য পুরস্কারের অঙ্ক আলাদা মর্যাদা রাখে—৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১৬ কোটি।
২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার। এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন ডলারে। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপ শুধু দলসংখ্যা ও ম্যাচের দিক থেকেই বড় নয়, পুরস্কারের হিসাবেও হতে যাচ্ছে রেকর্ড আসর।
