বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে যখন আলো ছড়াচ্ছিলেন, তখন কোনো ক্লাবের সঙ্গেই চুক্তি ছিল না ভোজিনিয়ার। কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষককে এখন আর নতুন ঠিকানার অপেক্ষায় থাকতে হচ্ছে না। বিশ্বকাপের অন্যতম চমক জাগানো এই তারকাকে দলে নিচ্ছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলোকোলো।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছ, ভোজিনিয়াকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছে কোলোকোলো। চিলির সবচেয়ে সফল ক্লাবটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্লাঙ্কো ই নেগ্রোর সভাপতি আনিবাল মোসাও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
মোসা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে চিলির রাজধানী সান্তিয়াগোয় পৌঁছাবেন ভোজিনিয়া। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এস্তাদিও মনুমেন্তালে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
ক্লাবের পক্ষ থেকে চুক্তির মেয়াদ জানানো হয়নি। তবে চিলির সংবাদমাধ্যমগুলোর খবর, কোলোকোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তি করবেন কেপ ভার্দের গোলরক্ষক। অর্থাৎ ২০২৭ সালের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারেন তিনি।
পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মুক্ত খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ভোজিনিয়া। ফলে তাকে দলে নিতে কোলোকোলোকে কোনো দলবদল মূল্য দিতে হচ্ছে না।
কেপ ভার্দের প্রথম বিশ্বকাপেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন ভোজিনিয়া। প্রথম ম্যাচে তার সাতটি সেভের কল্যাণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ বত্রিশে জায়গা করে নেয় তারা।
নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষেও দুর্দান্ত প্রতিরোধ গড়েছিলেন ভোজিনিয়া। লিওনেল মেসিদের অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে যাওয়ার পর ৩-২ গোলে হেরে শেষ হয় কেপ ভার্দের ঐতিহাসিক অভিযান।
বিশ্বকাপের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সমর্থকদের ভোটে নির্বাচিত প্রতিযোগিতার সেরা একাদশেও জায়গা পান ভোজিনিয়া। গোলরক্ষকদের ভোটে ৩৯ দশমিক ৬ শতাংশ সমর্থন পেয়ে তিনি পেছনে ফেলেন বিশ্বকাপজয়ী স্পেনের গোল্ডেন গ্লাভজয়ী উনাই সিমোনকে।
বিশ্বকাপ ভোজিনিয়ার পরিচিতিও আমূল বদলে দিয়েছে। টুর্নামেন্টের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারী ছিল ৫০ হাজারের কম। বিশ্বকাপ শেষে সেই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৯০ লাখে পৌঁছেছে।
ব্রাজিলের কোনো ক্লাবে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন ভোজিনিয়া। তাকে ঘিরে আরও কয়েকটি দক্ষিণ আমেরিকান ক্লাবের আগ্রহও ছিল। শেষ পর্যন্ত ব্রাজিল নয়, নিজের প্রথম দক্ষিণ আমেরিকান অধ্যায় শুরু করতে তিনি বেছে নিলেন চিলির কোলোকোলোকে।
