×

ফুটবল

এফবিআইয়ের গোপন নথি

বিশ্বকাপে মেসিসহ যাদেরকে দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

বিশ্বকাপে মেসিসহ যাদেরকে দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকি

মেসি। ফাইল ছবি

ফিফা বিশ্বকাপ কয়েক সপ্তাহ হলো শেষ হয়েছে। কিন্তু ফুটবলের সবচেয়ে বড় আসরের রঙিন স্মৃতিগুলো এখনো জ্বলজ্বল করছে। তবে এই জমকালো আয়োজনের আড়ালে ছিল এক অস্বস্তিকর বাস্তবতা। টুর্নামেন্টজুড়ে নিরাপত্তাব্যবস্থা ছিল বড় ধরনের হুমকির মুখে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং অংশগ্রহণকারী দেশগুলোর পুলিশ বাহিনীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র (আইপিসিসি) বিশ্বকাপ চলাকালে প্রতিদিন নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন তৈরি করেছে। সেই গোপন নথির একটি অংশ প্রকাশ করেছে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম প্রেনসা ইবেরিকার অনুসন্ধানী অপরাধবিষয়ক চ্যানেল।

আরও পড়ুন: ক্ষমা চেয়ে ২১১ সদস্য সংস্থাকে ফিফা সভাপতির চিঠি

নথির তথ্য বলছে, বিশ্বকাপজুড়ে একাধিক তারকা ফুটবলার, কোচ ও রেফারি প্রাণনাশের হুমকি এবং নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে ও টুর্নামেন্ট চলাকালে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দিন।

টেক্সাসের ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে এক ব্যক্তি দাবি করেন, তিনি ও তাঁর দুই সহযোগী ‘হাতে বানানো বোমা ও এআর-১৫ সেমিঅটোমেটিক রাইফেল’ নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। পুলিশকে তিনি জানান, তাঁদের লক্ষ্য পুলিশ এবং দুই দলের খেলোয়াড়দের ওপর হামলা চালানো। তবে ওই কথিত হামলাকারীদের প্রধান লক্ষ্য ছিলেন মেসি।

আর্জেন্টিনার আরেক ম্যাচের আগেও ছড়ায় বোমাতঙ্ক। মিসরের বিপক্ষে ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যক্তি লেখেন, তিনি আটলান্টা স্টেডিয়ামে ঢুকে নিজের শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ ঘটিয়ে মেসিকে হত্যা করবেন।

ম্যাচ চলাকালেও পুলিশ হেডকোয়ার্টারে আসে আরেকটি হুমকি। ফোন করে জানানো হয়, স্টেডিয়ামের তিনটি ডাস্টবিনে তিনটি বোমা রাখা হয়েছে। এরপর বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর নিয়ে পুরো স্টেডিয়ামে ব্যাপক তল্লাশি চালানো হয়।

মেসিকে ঘিরে যখন একের পর এক বোমাতঙ্ক, তখন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে মোকাবিলা করতে হয়েছে হয়রানি ও অনুসরণের আশঙ্কা। ১৪ জুন ফিফার এক কর্মী পুলিশকে জানান, এক সন্দেহভাজন ব্যক্তি রোনালদোর থাকার ব্যবস্থা সম্পর্কে গভীরভাবে খোঁজখবর নিচ্ছেন। দুই দিন পর হিউস্টনে পর্তুগাল দলের হোটেল থেকে ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: রোনাল্ডোর সাবেক প্রেমিকাদের তালিকা প্রকাশ, ছিলেন এক পুরুষও!

কানাডার টরন্টোতেও রোনালদোকে ঘিরে ঘটে একই ধরনের ঘটনা। এক অনুরাগী তার সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেন। পরে ওই ব্যক্তি জানান, তাঁর উদ্দেশ্য ছিল শুধু রোনালদোর সঙ্গে একটি সেলফি তোলা। মায়ামিতেও রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা করেন এক দর্শক। পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে রোনালদোর জার্সি পরা এক সমর্থক তো নিরাপত্তাব্যবস্থা ভেঙে সরাসরি মাঠেই ঢুকে পড়েন।

তবে শুধু ব্যক্তিগত নিরাপত্তার কারণেই নয়, মাঠের পারফরম্যান্স কিংবা ভুলের কারণেও খেলোয়াড়দের হুমকির মুখে পড়তে হয়েছে।

প্যারাগুয়ের গোলরক্ষকের সঙ্গে মাঠে বাদানুবাদে জড়িয়ে পড়ার পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্যারাগুয়ের রাজনৈতিক অঙ্গন থেকেও তাকে নিয়ে কটূক্তি করা হয়। ৫ ও ৬ জুলাই দেশটিতে এমবাপ্পের প্রতিকৃতি পোড়ানো হয়, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সহজ সুযোগ নষ্ট বা পেনাল্টি মিসের মতো মাঠের ভুলের মূল্যও দিতে হয়েছে প্রাণনাশের হুমকি পেয়ে। আতলেতিকো মাদ্রিদের নরওয়েজীয় স্ট্রাইকার আলেকজান্ডার সরলথ সহজ গোলের সুযোগ নষ্ট করার পর তাকে ও তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়।

পেনাল্টি মিসের পর কলম্বিয়ার ফুটবলার জামিনটন ক্যাম্পাজ বিশ্বকাপ শেষে সতীর্থদের সঙ্গে দেশে ফিরতেও পারেননি। আবার স্পেন-ফ্রান্স ম্যাচে লামিনে ইয়ামালকে ফাউল করে পেনাল্টি দেওয়ায় ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়েও পান প্রাণনাশের হুমকি।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল দক্ষিণ কোরিয়া দল। প্রথম রাউন্ড থেকেই বিদায়ের পর কোচ হং মিয়ং-বোসহ পুরো দলকে হত্যার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় তাদের বিমানবন্দর পর্যন্ত নিতে হয় কঠোর পুলিশি নিরাপত্তায়।

তবে হুমকির সংখ্যার দিক থেকে সবাইকে ছাড়িয়ে যান ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের। আর্জেন্টিনা-মিসরের মধ্যকার বিতর্কিত ম্যাচের পর তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রায় ছয় হাজার হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এসব বার্তার বেশির ভাগই আসে মিসরীয় নাগরিকদের কাছ থেকে। শুধু লেতেক্সিয়েরই নন, ওই ম্যাচে ভিএআর দায়িত্বে থাকা আরেক ফরাসি রেফারি উইলি দেলাজোদকেও হত্যার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ফ্রান্সে দুই রেফারির বাড়ি ও স্বজনদের নিরাপত্তায় আলাদা করে পুলিশি পাহারা বসাতে হয়।

বিশ্বকাপের আলো-ঝলমলে মঞ্চের আড়ালে তাই ফুটবলার, কোচ ও রেফারিদের জন্য টুর্নামেন্টটি ছিল শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, নিরাপত্তারও এক কঠিন পরীক্ষা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ: কৃষিমন্ত্রী

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ: কৃষিমন্ত্রী

নাটোরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করব: পর্যটনমন্ত্রী

নাটোরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করব: পর্যটনমন্ত্রী

‘জামায়াত-এনসিপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়’

‘জামায়াত-এনসিপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App