ক্ষমা চেয়ে ২১১ সদস্য সংস্থাকে ফিফা সভাপতির চিঠি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাবকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর ভুল স্বীকার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে সংস্থার ২১১টি সদস্য দেশের ফুটবল ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফার জরুরি বৈঠকের পর এই চিঠি পাঠানো হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম এস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতেই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
চিঠিতে জানানো হয়, বৈঠকের শুরুতে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা প্রশাসনের কাজের প্রশংসা করা হয়। একই সঙ্গে বিভ্রান্তি দূর করতে ফিফার সাধারণ সম্পাদক ও বোর্ড সদস্যরা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ফিফা জানায়, ইনফান্তিনো ২১১টি সদস্য সংস্থার ভোটে নির্বাচিত সভাপতি এবং তার নেতৃত্বে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে।
রাবাত বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়, গৃহীত পদক্ষেপগুলো ফিফার সুশাসন আরও শক্তিশালী করবে এবং সদস্য সংস্থাগুলোর আস্থা পুনর্গঠনে সহায়ক হবে। পাশাপাশি বিশ্ব ফুটবলের উন্নয়ন, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে ভবিষ্যতের বড় টুর্নামেন্ট আয়োজনেও এসব সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রস্তাব নিয়ে ফিফা স্বীকার করেছে, পুরো প্রক্রিয়ায় কিছু ভুল হয়েছিল। সংস্থাটি বলেছে, ফিফা কাউন্সিল এবং সদস্য সংস্থাগুলোকে সিদ্ধান্ত গ্রহণের বাইরে রাখার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। এছাড়া বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর পরিস্থিতি যেভাবে সামাল দেওয়া হয়েছে, সেখানেও ত্রুটি ছিল বলে তারা স্বীকার করেছে।
চিঠিতে এসব অনিচ্ছাকৃত ভুলের জন্য সদস্য সংস্থাগুলোর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া হয়েছে।
তবে একই সঙ্গে ফিফা স্পষ্ট করেছে, বিতর্কিত প্রস্তাবটি প্রত্যাহার করা হলেও সংস্থার ভাবমূর্তি, সুশাসন এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না। প্রয়োজনে সংস্থার সুনাম রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
চিঠির শেষ অংশে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম বলেন, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াই সংস্থার লক্ষ্য। ফিফা ফরওয়ার্ড কর্মসূচির মাধ্যমে সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি সদস্য সংস্থাগুলোর যেকোনো প্রশ্ন বা উদ্বেগের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
