সহিংসতায় আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৭:২৭ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় হামলায় আহত চিকিৎসাধীন এক শিশুকে কপালে চুমু দিয়ে আদর করে দেন। ছবি: পিএমও
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত-বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেন, তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় গুরুতর আহতদের সঙ্গে কষ্ট প্রত্যক্ষ করে ও বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুর রহমান আহতদের চিকিৎসায় নেয়া পদক্ষেপের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
আরো পড়ুন: তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানালো সরকার
গত কয়েকদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন-নিটর (পঙ্গু হাসপাতাল), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এছাড়াও প্রধানমন্ত্রী গত কয়েকদিনে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্থ মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন, বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, দুযোর্গ ব্যবস্থাপণা ভবন, এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শন করেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে প্রাণঘাতি সংঘাতে জড়ায় আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তী কয়েকদিন সারাদেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে।
