×

সরকার

অর্থমন্ত্রী

বাজেট নয়, স্বাস্থ্যখাতে কার্যকর বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

বাজেট নয়, স্বাস্থ্যখাতে কার্যকর বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যখাতের উন্নয়নে শুধু বাজেট বাড়ানো নয়, বরং বরাদ্দের কার্যকর ব্যবহার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে আরো কার্যকর করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের পাশাপাশি দক্ষ উদ্যোক্তা তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান বাস্তবতা বিবেচনায় স্বাস্থ্যখাতে সরকার উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ দিয়েছে। তবে কেবল অর্থ বরাদ্দ করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন কাঠামো গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সরকার, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আলাদাভাবে এগোলে সামগ্রিক স্বাস্থ্যসেবার উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। তাই উভয় খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্যসেবায় জনগণের ব্যক্তিগত ব্যয় এখনও অনেক বেশি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকলেও চিকিৎসা ব্যয়ের বড় অংশ সাধারণ মানুষকেই বহন করতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দীর্ঘমেয়াদি ও জনকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে।

তিনি জানান, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারে সরকার প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব কর্মী গ্রামাঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পৌঁছে দিতে কাজ করবেন। একই সঙ্গে বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার পরিধি আরো সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

অর্থমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যখাতে ইতিবাচক প্রতিযোগিতা সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে। বিশেষ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবার গুণগত মান আরো বাড়বে।

ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম শিল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের ওষুধ শিল্প ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ খাতের রপ্তানি সম্ভাবনা আরো বাড়াতে সরকার সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে এবারের বাজেটেও বিভিন্ন ধরনের প্রণোদনা ও সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যানুলা হাতে রাস্তার ধারে পড়েছিল শিশুটি, অবশেষে পেলো নতুন ঠিকানা

ক্যানুলা হাতে রাস্তার ধারে পড়েছিল শিশুটি, অবশেষে পেলো নতুন ঠিকানা

ইন্দোনেশিয়াকে ‘অস্ত্র’, ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারত

ইন্দোনেশিয়াকে ‘অস্ত্র’, ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারত

 পর্যটকদের জন্য ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব

পর্যটকদের জন্য ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব

সরকারি চেকে ৫১ লাখের ‘ম্যাজিক’: পুলিশের খাঁচায় ৩ কর্মচারী

সরকারি চেকে ৫১ লাখের ‘ম্যাজিক’: পুলিশের খাঁচায় ৩ কর্মচারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App