আওয়ামী লীগ আখ্যা
জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম
নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্তদের মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকেও জিজ্ঞাসাবাদ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে।
মারধরের শিকার চার কর্মকর্তার মধ্যে রয়েছেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ। আটক অপর কর্মকর্তার পরিচয় জানা যায়নি।
প্রক্টর অফিসে প্রক্টরের পাশে দাঁড়িয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তাঁরা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে চাকরি পাওয়া ব্যক্তিরাও ক্যাম্পাসে কাজ করছিলেন। তাঁদের বিরুদ্ধে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। কিন্তু তাঁদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা গত কয়েক দিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িয়েছেন।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের সাবেক ছাত্রলীগ নেতাদের অর্থায়নে গত কয়েক দিন ছাত্রলীগের কর্মীরা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে তাঁরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন। শিক্ষার্থীদের টাকায় বেতন পাওয়া ফ্যাসিবাদের সহযোগী এসব কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাঁদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন দপ্তরের চার কর্মকর্তাকে ধরে তাঁদের কাছে হস্তান্তর করেছেন। তাঁদের মুঠোফোন জব্দ করা হয়েছে। কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জমা দিতে বলা হয়েছে। সবকিছু পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভিন্নমতের সহকর্মীদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছে প্রশাসন। তবে গত কয়েক দিনে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতবোমার বিস্ফোরণ এবং গতকাল গোপালগঞ্জে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাঁর ধারণা।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিবাদী মানসিকতা পোষণ করতে না পারে, সে জন্য অতীতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ রক্ষা এবং অপরাধীদের বিচার নিশ্চিত করার মধ্যে ভারসাম্য বজায় রাখবে প্রশাসন।
এদিকে, এদিন ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম। তাঁর বিভাগের দেয়ালে সাঁটানো একটি পত্রিকার কাটিংয়ে শেখ মুজিবুর রহমানের ছবি থাকাকে কেন্দ্র করে তাঁকে নিজ কক্ষে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁকে হেনস্তা ও শাসানো হচ্ছে— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা ওই শিক্ষকের কাছে তাঁর নিয়োগের বছর জানতে চান। তিনি ২০১২ সাল জানালে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘তাহলে তো আপনি স্বৈরাচারের দোসর।’
এর আগে, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
