×

সরকার

প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওর সঙ্গে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম

প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওর সঙ্গে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে ঘিরে প্রচারিত একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি সম্পাদনা করে যুক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা ও মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী রাহেমীন মারিয়া এলিন। বর্তমানে তিনি পঞ্চগড় শহরে থেকে পড়াশোনা করছেন।

লিখিত বক্তব্যে এলিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ব্যক্তিগত ছবি সম্পাদনা করে পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব এবং পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সঙ্গে যুক্ত করে বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে তাঁর নামে বিভ্রান্তিকর ও ভুয়া পরিচয়ও ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নন এবং তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ভাইরাল ঘটনার কয়েক দিন আগে ব্যক্তিগতভাবে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। পরে বিষয়টি ভিন্নভাবে ব্যবহার হতে পারে মনে করে ছবিটি মুছে ফেলেন। কিন্তু এর আগেই কেউ সেটি সংরক্ষণ করে পরবর্তীতে ভাইরাল ভিডিওর সঙ্গে যুক্ত করে প্রচার শুরু করে।

সংবাদ সম্মেলনে এলিন আরও দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে। একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে তোলা বাস্তব একটি ছবিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রযুক্তিগত বা স্বাধীন প্রমাণ উপস্থাপন করেননি।

তিনি বলেন, এসব প্রচারের কারণে তাঁর সামাজিক মর্যাদা, ব্যক্তিগত ভাবমূর্তি ও ভবিষ্যৎ ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন ভুয়া আইডি ও ফেসবুক পেজ থেকে অপপ্রচার চালানোয় পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি কলেজে যেতেও সংকোচ বোধ করছেন বলে জানান তিনি।

এলিনের দাবি, এর আগেও বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছিল। একটি মহল পরিকল্পিতভাবে তাঁকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। থানায় অভিযোগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। তবে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেবেন।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁর বিরুদ্ধে মানহানিকর প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App