বুয়েটের আবাসিক হলে ককটেল বিস্ফোরণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি কক্ষের জানালার কাচ ভেঙে বিছানার ওপর ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সময় কক্ষে না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই কক্ষের এক শিক্ষার্থী।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব নামের এক শিক্ষার্থী।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সম্ভবত মৃত্যুর হাত থেকে বাঁচলাম। বুয়েটের আহসানউল্লাহ হলে রাত ১১টা ৪২ মিনিটে আমার জানালার পাশেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রুম নম্বর ১৩৭। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া আমার বিছানায় এসে পড়ে।’
আকিব জানান, ঘটনার সময় তিনি পাশের ১৩৪ নম্বর কক্ষে বন্ধু আদিবের সঙ্গে ছিলেন। এ কারণে অল্পের জন্য রক্ষা পান তিনি। তবে তার কক্ষে থাকা অন্য দুই শিক্ষার্থী বিকট শব্দ, আগুনের ফুলকি ও ভাঙা কাচের টুকরা দেখে আতঙ্কিত হয়ে কক্ষ থেকে বেরিয়ে আসেন।
পোস্টে তিনি আরও লেখেন, ‘একটু আগেও এই বেডে আমি বসে ছিলাম। আল্লাহ বাঁচালো।’
ওই শিক্ষার্থীর দাবি, হলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন অনেকে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
তবে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
