‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
ফাইল ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, দেশে ফেরার বিষয়ে আগাম ঘোষণা দিলেও বাস্তবে ফেরার পরিকল্পনা নেই শেখ হাসিনার। এ কারণে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘স্ট্যান্টবাজি’ হিসেবে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ভারতের বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন।
সোমবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাশেদ খাঁন বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে, কোনো দেশের সরকার কোনো পলাতক আসামির জন্য পাসপোর্ট ও এনআইডি ইস্যু করেছে। শেখ হাসিনা মূলত ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না। এ জন্য এ ধরনের স্ট্যান্টবাজি শুরু করেছেন। তবে এতটুকু বলতে চাই, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, সে ক্ষেত্রে ভারত সরকারের দায়িত্ব তাঁকে একজন অপরাধী হিসেবে বাংলাদেশে হস্তান্তর করা।’
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা যখন অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, তখন তিনি বলতেন, ভারতকে যা দিয়েছেন, ভারত আজীবন তা মনে রাখবে। আওয়ামী লীগের মন্ত্রীরাও ভারতের সঙ্গে বাংলাদেশের ‘রাখি বন্ধনের সম্পর্ক’ রয়েছে বলে মন্তব্য করতেন।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরুক। তাঁকে ফিরিয়ে দিতে হবে ভারতকে। যেহেতু তিনি পালিয়ে গেছেন।’
রাশেদ খাঁনের ভাষ্য, শেখ হাসিনা কোনো আলোচনার মাধ্যমে বা বৈধ উপায়ে দেশ ছাড়লে তাঁর পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে সমস্যা দেখা দিলে তাঁকে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের থাকত।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান।
এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছে। ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
