হুমায়ুন কবির
দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় উড়োজাহাজে দেশে ফিরতে চান ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁর এই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না। দেশে ফিরলে তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে আনতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করানো সম্ভব। তবে প্রত্যাশা ও বাস্তবতা এক বিষয় নয়। তাঁর ভাষায়, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে কটাক্ষ করে প্রতিমন্ত্রী বলেন, কারও আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু সেটি বাস্তবতার সঙ্গে মিলতে হবে। স্বপ্নে কেউ হেঁটে বা বিমানে করে বাংলাদেশে ফিরে আসতে পারেন, কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তিনি দেশে ফিরলে তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ঢাকায় ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ চেয়েছেন তিনি।
রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
