ঈদে হাসপাতাল চলবে ২৪ ঘণ্টা, ১৬ নির্দেশনা জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি: স্বাস্থ্য অধিদপ্তর
পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময় দেশের সব হাসপাতালকে চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ১৬টি নির্দেশনা দিয়েছে।
রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনা অনুযায়ী জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক পদায়নের মাধ্যমে সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগ, লেবার রুম, ইমার্জেন্সি ওটি এবং ল্যাব সার্বক্ষণিক চালু রাখতে হবে। ঈদের আগে ও পরে জনবলকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া যেতে পারে, তবে জরুরি চিকিৎসা কার্যক্রমের ব্যাঘাত রোহিত হওয়া চলবে না।
সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালককে অবহিত করে ঈদের সময় অতি প্রয়োজনীয় জনবল সমন্বয় করা যাবে। হাসপাতালের অন্তঃবিভাগ ইউনিট প্রধানরা প্রতিদিন কার্যক্রম তদারক করবেন। মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব ও এক্স-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এছাড়া উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন-কল সেবা নিশ্চিত করতে হবে।
পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-অ্যাজেন্ট ও সার্জিক্যাল সামগ্রী ছুটির আগে মজুত রাখতে হবে এবং তাৎক্ষণিক সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখতে হবে। ছুটির সময় হাসপাতালের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে আগামপত্র দিতে হবে। অগ্নিনির্বাপণ বিষয়ক সতর্কতা মেনে চলা বাধ্যতামূলক।
আরো পড়ুন: যেকারণে বাড়ছে তরুণদের কোলন ক্যানসার
প্রতিষ্ঠান প্রধান ও বিভাগের প্রধানরা ছুটিকালীন সেবা প্রদানকারী কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছুটির সময় সকল দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন এবং তাদের নাম ও মোবাইল নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
ঈদের দিনে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং শুভেচ্ছা বিনিময়ও নিশ্চিত করতে হবে। বহির্বিভাগ একাধিক দিনে ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না। বেসরকারি হাসপাতালও সার্বক্ষণিক জরুরি ও প্রসূতি বিভাগ খোলা রাখবে এবং রেফার্ড রোগীর জন্য প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে হবে। দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমে তাৎক্ষণিক অবহিত করতে হবে।
