হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
ফাইল ছবি
সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৮ জনের শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭৫ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৭ হাজার ৭০২ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৬১ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৫৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১১ হাজার ৮৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৩ হাজার ২৫৭ জন।
