ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি : সংগৃহীত
সরকারের সঙ্গে হওয়া সমঝোতা বাস্তবায়ন না করে আন্দোলনকারীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ তুলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি বলেছে, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা না নিলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
সোমবার (২৭ জুলাই) আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা ও সৌরভ দাস এবং স্বতন্ত্র রাজ্যসভা সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবল এ অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আন্দোলনসংক্রান্ত ছবি, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্য নিরাপদে সংরক্ষণের জন্য ‘সাক্ষী’ নামে একটি নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেরও উদ্বোধন করা হয়। দলটির দাবি, ক্রিপ্টোগ্রাফিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে এসব তথ্য এমনভাবে সংরক্ষণ করা হবে, যাতে তা পরিবর্তন করা না যায় এবং ভবিষ্যতে আইনি প্রমাণ হিসেবে ব্যবহার করা সম্ভব হয়।
সৌরভ দাস বলেন, ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহারের পরও আন্দোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে হয়রানির আশঙ্কা রয়েছে। এ কারণেই শুরু থেকেই তারা আইনজীবী কপিল সিবলের পরামর্শ নিয়েছেন। অতীতের বিভিন্ন আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, আন্দোলন শেষ হওয়ার পর অনেক ক্ষেত্রেই অংশগ্রহণকারীদের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্পেন ও ফ্রান্সে দাবানলের তাণ্ডব, ঘরছাড়া ৩ লক্ষাধিক মানুষ
অন্যদিকে আশুতোষ রঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে উদ্দেশ করে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা মানা হচ্ছে না।
তার দাবি, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে স্বেচ্ছাসেবকদের হয়রানি করা হচ্ছে। বিশেষ করে বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দায়ের করা এফআইআর প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তি না দিলে সিজেপি আবারও আন্দোলনে নামবে।
এছাড়া আগামীকালের মধ্যে আইনি মামলাসংক্রান্ত লিখিত চুক্তি এবং সরকারের সঙ্গে নির্ধারিত বাস্তবায়ন-সময়সূচি প্রকাশেরও দাবি জানায় দলটি।
উল্লেখ্য, নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সিজেপি দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন আন্দোলন চালায়। পরে সরকারের সঙ্গে আলোচনার পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং পরীক্ষা সংস্কারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত ২৫ জুলাই আন্দোলন স্থগিত করা হয়।
আরও পড়ুন: মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ
তবে সিজেপির অভিযোগ, সমঝোতার শর্ত বাস্তবায়নে অগ্রগতি না থাকায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
এদিকে পাটনার এসএসপি কার্তিকেয় কে শর্মা জানিয়েছেন, গত ২৫ জুলাইয়ের সহিংসতার ঘটনায় ৮৬ জন বিক্ষোভকারীকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে এবং ৬০ জনকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।
বর্তমানে সিজেপির আইনি টিম দেশজুড়ে বিভিন্ন আইনজীবীর সঙ্গে সমন্বয় করে আটক আন্দোলনকারীদের আইনি সহায়তা নিশ্চিত করার কাজ করছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
