মোদীর ‘কোলাকুলি কূটনীতি’ নিয়ে রাহুলের রসিকতা, ভাইরাল ভিডিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হাগ ডিপ্লোমেসি’ বা বিদেশি নেতাদের সঙ্গে আলিঙ্গনের প্রসঙ্গ তুলে রসিকতা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রসঙ্গ টেনে রসিকতায় যোগ দেন।
নয়াদিল্লিতে আয়োজিত ‘কংগ্রেস অর্গানাইজিং ন্যাশনাল কনভেনশন’-এ বক্তব্য দেওয়ার সময় রাহুল গান্ধী বলেন, মোদীর কাছে পররাষ্ট্রনীতি কী, তা তিনি দেখাবেন। এরপর তিনি দুই হাত বাড়িয়ে সন্দীপ দীক্ষিতের দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গনের ভঙ্গি করেন।
রাহুল বলেন, ‘তিনি (মোদী) এই ধারণা কোথা থেকে পেলেন, আমি জানি না। মানুষের মাথায় অদ্ভুত অদ্ভুত ধারণা আসে। তিনি মনে করেন, এটিই পররাষ্ট্রনীতি।’
এ সময় সন্দীপ দীক্ষিত রসিকতা করে বলেন, ‘আপনি কি ভেবেছিলেন আমি মেলোনি?’ তার মন্তব্যে অনুষ্ঠানে হাসির রোল পড়ে। জবাবে রাহুল বলেন, ‘আমি এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি।’
বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মোদীর প্রকাশ্য সাক্ষাৎ ও আলিঙ্গনের ঘটনাকে ঘিরেই রাহুলের এই কৌতুক। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মোদীর একাধিক সাক্ষাৎ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
বিজেপির সমালোচনা
রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেছে বিজেপি। দলটির সাংসদ নিশিকান্ত দুবে কংগ্রেসের ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রাহুলের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।
ইতালির প্রধানমন্ত্রীকে নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, প্রধানমন্ত্রীদের নিয়ে এ ধরনের মন্তব্য রাজনীতির শোভা পায় না। তার মতে, এ ধরনের আচরণ ভারতের রাজনৈতিক পরিসরকে বিব্রত করে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে মোদীর সমালোচনা
আলিঙ্গনের রসিকতার পর ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আরও বিস্তৃত সমালোচনা করেন রাহুল গান্ধী।
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বড় শক্তিগুলোর সঙ্গে ভারতের সম্পর্ককে কাজে লাগিয়ে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার সুযোগ ছিল নয়াদিল্লির সামনে।
রাহুলের দাবি, ইরান ভারতের পুরোনো বন্ধু। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে। এসব সম্পর্ককে কাজে লাগিয়ে ভারত সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।
আরও পড়ুন: ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়ছে ১৫ বছরের কিশোর
তিনি বলেন, ইরানে যুদ্ধ শুরুর পর ভারতের সামনে বড় একটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু নয়াদিল্লি তা কাজে লাগাতে পারেনি। বরং পাকিস্তান এগিয়ে এসে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে। আর ভারত ও প্রধানমন্ত্রী মোদী পরিস্থিতি দেখেই গেছেন বলে অভিযোগ করেন তিনি।
চীন-ভারত সীমান্ত নিয়েও প্রশ্ন
ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন রাহুল গান্ধী। বিশেষ করে অরুণাচল প্রদেশসহ ভারতীয় ও চীনা সেনাদের নিয়মিত টহল দেওয়া এলাকাগুলোর প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
রাহুলের দাবি, বিশেষ করে অরুণাচল প্রদেশে চীন ভারতীয় সেনাদের টহলে বাধা দিয়েছে। একই সঙ্গে ভারত-চীন সীমান্ত ব্যবস্থাপনা এবং সরকারের পররাষ্ট্রনীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে রাহুল গান্ধীর এসব বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
