×

জাতীয়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, দুর্নীতির অভিযোগে তাঁকে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল। এসব অভিযোগের পেছনে ড. ইউনূসের ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য টিউলিপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার চলছে। অন্যদিকে, বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকার টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের প্রভাব কাজে লাগিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছিল।

গত বছরের ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় তাঁর সঙ্গে আরও ১৬ জনের বিচার হয়। অভিযোগ ছিল, ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি জমির প্লট বরাদ্দ পেতে তিনি তাঁর খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন। তবে লন্ডনে বসবাসরত টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পক্ষে বাংলাদেশে ওই সাজা ভোগ করার সম্ভাবনাও কম।

২০২৫ সালের গ্রীষ্মে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেছিলেন টিউলিপ। সে সময় তিনি বলেছিলেন, শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের মধ্যে তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।

সম্প্রতি গুতো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় নতুন পডকাস্ট ‘পলিটিকস আনলিশড’-এ কথা বলেন টিউলিপ। সেখানে তিনি নিজেকে ‘বিদ্বেষমূলক মামলার’ শিকার বলে দাবি করেন। তাঁর ভাষ্য, নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি রয়েছে বলে একজন অভিজ্ঞ আইনজীবী তাঁকে জানিয়েছেন। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন এবং আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন তিনি।

ড. ইউনূসের মন্তব্য জানতে তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টিউলিপ বলেন, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন। এ বিষয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশের সরকারকে চিঠি পাঠালেও কোনো জবাব পাননি।

তিনি আরও জানান, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন। তাঁর সঙ্গে সরাসরি দেখা করার জন্যও একাধিকবার চেষ্টা করেন। তবে ইউনূস তাঁর সঙ্গে দেখা করতে রাজি হননি।

নিজের বিরুদ্ধে অভিযোগ ও বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে টিউলিপ বলেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন না, কারণ নিজেকে নির্দোষ বলে বিশ্বাস করেন। পুরো বিষয়টি তাঁকে উদ্বিগ্ন করার চেয়ে বেশি বিস্মিত করেছে।

বিচারের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে একে ‘বিভীষিকাময় দুঃস্বপ্ন’ বলে উল্লেখ করেন তিনি। টিউলিপের ভাষ্য, ‘কোন অভিযোগে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। আমি যে দোষী সাব্যস্ত হয়েছি, তা প্রথম জানতে পারি সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি সতর্কবার্তা দেখে।’

এ ছাড়া এ বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথাও জানান টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার তাঁকে বার্তা পাঠিয়েছিলেন। সে সময় স্টারমার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। টিউলিপের দাবি, স্টারমারের ওই সাক্ষাতের ঠিক আগমুহূর্তে তিনি বার্তাটি পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে পোশাকের দাম বাড়ে, বাংলাদেশের কারখানা কত পায়?

বিশ্ববাজারে পোশাকের দাম বাড়ে, বাংলাদেশের কারখানা কত পায়?

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App