প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও প্রশ্ন উঠেছে। তবে সফর নিয়ে মন্তব্য করার মতো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে আপাতত মন্তব্য করার মতো কোনো তথ্য নেই। নতুন কোনো তথ্য বা হালনাগাদ পরিস্থিতি পাওয়া গেলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন গুঞ্জন নিয়েও ভারতের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে এ মুহূর্তে বিষয়টি নিয়ে তার আর কিছু বলার নেই।
আরও পড়ুন: বাংলাদেশের সম্ভাব্য সামরিক জোটে যোগদান নিয়ে ভারতের বার্তা
সংবাদ সম্মেলনে গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর।
তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে নদী-সম্পর্কিত সব বিষয় যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় আলোচনা করা হয়। পাশাপাশি গঙ্গা পানি চুক্তির আওতায় যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
