ইরান ‘চালাকি’ করছে, আমরা ব্ল্যাকমেইলে ভয় পাই না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত
ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই তেহরানের মনোভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ এপ্রিল) এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, আলোচনার টেবিলে ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে। তবে নিজেদের অবস্থানে অনড় থেকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সাথে কোনো ধরণের ব্ল্যাকমেইল করা যাবে না।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন,'ইরানের সাথে আমাদের বেশ ভালো আলোচনা চলছে। তবে তারা কিছুটা চালাকি দেখানোর চেষ্টা করছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে। কিন্তু আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।'
হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে ইরানের সাম্প্রতিক হুমকির দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন,'তারা আবারও প্রণালিটি বন্ধ করে দেওয়ার ভয় দেখাচ্ছে। বছরের পর বছর ধরে তারা এই একই কাজ করে আসছে। কিন্তু তাদের জেনে রাখা উচিত যে, যুক্তরাষ্ট্রকে এভাবে ব্ল্যাকমেইল করা যাবে না।' এ বিষয়ে বিস্তারিত তথ্য দিনের শেষ নাগাদ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যে ইরানের অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে ট্রাম্প আরও বলেন,'আমরা তাদের সঙ্গে কথা বলছি ঠিকই, কিন্তু আমাদের অবস্থান আগের মতোই শক্ত। তারা প্রচুর মানুষ হত্যা করেছে, আমাদের অনেক মানুষও তাদের হাতে প্রাণ হারিয়েছে।'
