ইবোলা প্রাদুর্ভাবকে 'বৈশ্বিক জরুরি অবস্থা' ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৫২ পিএম
ডিআর কঙ্গোতে ইবোলা ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ছবি: সংগৃহীত
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের জন্য ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।
সংস্থাটি জানিয়েছে, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এ পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই পরিস্থিতি এখনো মহামারি ঘোষণার মতো অবস্থা তৈরি হয়নি।
তবে স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বর্তমানে যে সংখ্যক সংক্রমণ শনাক্ত ও রিপোর্ট করা হচ্ছে, বাস্তবে পরিস্থিতি এর চেয়ে আরো ‘খারাপ’ হতে পারে। একইসঙ্গে স্থানীয় ও আঞ্চলিকভাবে রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকির শঙ্কাও দেখছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমান ইবোলার যে ভাইরাসের কারণে সৃষ্টি হয়েছে, তার জন্য এখন পর্যন্ত অনুমোদিত কোনো ওষুধ বা টিকা নেই।
রোগটির প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা ও গলা ব্যথা। পরে বমি, ডায়রিয়া, শরীরে ফুসকুড়ি এবং রক্তক্ষরণ দেখা দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, ভাইরাসটি ডিআর কঙ্গোর সীমানা ছাড়িয়ে প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে।
সেখানে দুইটি নিশ্চিত সংক্রমণের খবর পাওয়া গেছে।
উগান্ডার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার মারা যাওয়া ৫৯ বছর বয়সী এক ব্যক্তির শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছিল।
সূত্র: বিবিসি।
