গোপালগঞ্জে বিএনপির ২ নেতার বাড়িতে অগ্নিসংযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
এদিকে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে উপজেলার বাঁশবাড়িয়া, ডুমুরিয়া, পাটগাতী বাজার ও পাটগাতী স্ট্যান্ড এলাকায় দফায় দফায় মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পাটগাতী স্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-পিরোজপুর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
দুপুরের পর পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়।
সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি নেতা রাকিবের গোডাউন ও কাঠের ব্যবসাপ্রতিষ্ঠানেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
পরে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে শপথ নেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলার বিভিন্ন সড়কে তাদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।
এসআইকে কুপিয়ে জখম
অন্যদিকে, রোববার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মোসলেম আলী টুঙ্গিপাড়া থানায় কর্মরত। তবে কারা এবং কী কারণে তার ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা করেন এসআই মোসলেম আলী।
মামলার এজাহারে বলা হয়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।
একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে পুলিশের সরকারি গাড়ির পথরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে সব কাচ ভেঙে ফেলা হয়। পুলিশ বারবার তাদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার অনুরোধ জানালেও তারা ভাঙচুর অব্যাহত রাখেন। একপর্যায়ে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
