×

এনসিপি

১১ মাসে এনসিপির ২৩ নেতার ওপর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

১১ মাসে এনসিপির ২৩ নেতার ওপর হামলা

ছবি : সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনে অনেকেই আশা করেছিলেন, রাজপথে সহিংসতা ও বিরোধীদের ওপর হামলার সংস্কৃতির অবসান ঘটবে। তবে বাস্তবতা ভিন্ন। পরিবর্তনের স্বপ্ন দেখানো তরুণ রাজনৈতিক নেতারাও এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কোথাও চোরাগোপ্তা হামলা, কোথাও পথরোধ করে মারধর, আবার কোথাও অস্ত্রের আঘাত কিংবা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় বাড়ছে উদ্বেগ।

গত ১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা হয়। এর পরদিন ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরপর দুই দিনের এসব ঘটনায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত ১১ মাসে এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের অন্তত ২৩ জন নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে।

হামলার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা, স্থানীয় সংগঠক এবং তাদের সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা। এসব হামলার পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছে এনসিপি।

দলটির অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো এবং সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এনসিপি নেতাদের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ১০ নভেম্বর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে অটোরিকশায় ছিলেন হাসিব আল ইসলাম। এ সময় এক তরুণ তার পথরোধ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। একপর্যায়ে তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে হাসিবের বাম হাত জখম হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাসিবের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরপর দুই দিনের এসব ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে নুসরাত তাবাসসুম সাংবাদিকদের বলেন, তার বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছিল। এর আগেও একাধিকবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

তিনি বলেন, গ্রামের বাড়িতে হামলার ঘটনাটি পরিকল্পিত। গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরেও কয়েকটি হুমকির কল পেয়েছেন।

নুসরাত আরও জানান, গত মঙ্গলবার পুরো ঘটনা উল্লেখ করে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে জিডি করার পরও তিনি বেশ কিছু হুমকি পেয়েছেন।

সর্বশেষ গত শনিবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের তৎপরতায় এ চেষ্টা সফল হয়নি।

এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম। কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজের ওল্ড ডিভিনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে যান তিনি।

অনুষ্ঠান শেষে বের হয়ে গাড়িতে ওঠার সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের মুখোমুখি হন নাহিদ। সে সময় ঘটনাস্থলে ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল।

বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে নাহিদকে হেনস্তার চেষ্টার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন হিমেল।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্যপ্রবাসী এনসিপির কয়েকজন সমর্থক নাহিদকে গাড়িতে তুলে দিচ্ছেন। এ সময় গাড়ির সামনে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে এনসিপির সমর্থকদের বাদানুবাদ চলছিল। এর মধ্যেই নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ ও মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, নুসরাত তাবাসসুম ছাড়াও গত ১৬ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দিন মাহিন, ২০ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জে হুসাইন আহমেদ এবং ২৩ ও ২৭ জানুয়ারি ঢাকায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার শিকার হন।

এ ছাড়া ১৩ ফেব্রুয়ারি সারজিস আলম, ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুরে মো. ইব্রাহিম এবং ২৫ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

১১ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাইসুল ইসলাম ও সাগর মল্লিক, ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তারেকুল ইসলাম তারেক রেজা এবং ৩ জুন বেনাপোলে পাটওয়ারীর গাড়িবহর ঘিরে হামলার ঘটনা ঘটে।

এরপর ১১ জুন হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাহাদী হাসান, ১৮ জুলাই নেত্রকোনার খালিয়াজুরিতে মুশফিকুর রহমান, ২৪ জুলাই রাতে নেত্রকোনা সদরে সোহাগ মিয়া প্রীতম এবং ২৮ জুলাই সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলম ও মাহমুদা মিতুসহ কয়েকজন নেতা হামলার শিকার হন।

৯ আগস্ট নোয়াখালীর চাটখিলের হাটপুকুরিয়ায় সামির হোসেন, ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী বাজারে তৌহিদুল ইসলাম এবং ৪ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীর আখড়াবাড়ি লালনের আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটে।

এভাবে জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত সারা দেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্তত ২৩ জন নেতা হামলার শিকার হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের তথ্য।

এদিকে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এনসিপি ও বিএনপির মধ্যে ২৩টি সংঘর্ষে ১৭৯ জন আহত হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ ও এনসিপির মধ্যে দুটি সংঘর্ষে আহত হয়েছেন আটজন।

এনসিপি সূত্র জানিয়েছে, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছেন। সর্বশেষ গত ৪ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় হামলার মুখে পড়েন তিনি।

লালনের মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন পাটওয়ারী। এ সময় এক ব্যক্তি তার দিকে ডিম ছুড়ে মারেন। পরে তিনি প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ ছিলেন।

এ ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী থানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। তিনি বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ (পুরোনো ডিসি কোর্ট এলাকা) প্রাঙ্গণে পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া ২৮ জুলাই সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও হামলার শিকার হন তিনি।

তবে পুলিশ বলছে, এসব ঘটনার ধরন ও প্রেক্ষাপট এক নয়। কোনোটি রাজনৈতিক বিরোধ, কোনোটি স্থানীয় বিরোধ কিংবা ব্যক্তিগত আক্রোশ থেকে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে রাজনৈতিক ও ছাত্রনেতাদের আক্রান্ত হওয়ার ঘটনায় তাদের নিরাপত্তা এবং রাজনৈতিক সহনশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী নূর খান লিটনের মতে, হাসিবের ওপর হামলা ও নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সেই উদ্বেগকে নতুন করে সামনে এনেছে।

তিনি বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা যদি দেশের বিভিন্ন স্থানে হামলা ও হুমকির মুখে পড়েন, তাহলে রাজনৈতিক পরিবর্তনের পর নাগরিক নিরাপত্তার বাস্তব অবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যায়।এসব হামলার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তার ভাষ্য, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য কেউ—সবাই একে একে আক্রান্ত হবে।’

নাহিদ আরও অভিযোগ করেন, দেশের বাইরে থেকে ইন্ধন নিয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে সীমান্ত পেরিয়ে তারা আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করে নাহিদ বলেন, নিজেদের নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে সেই প্রতিরোধ গণতান্ত্রিক উপায়েই হবে বলে উল্লেখ করেন তিনি।

এসব হামলার ঘটনায় পুলিশের পদক্ষেপ জানতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরার সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি বলেন, জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ-সংক্রান্ত অভিযোগ বা তথ্য পাওয়া গেলে ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ মাসে এনসিপির ২৩ নেতার ওপর হামলা

১১ মাসে এনসিপির ২৩ নেতার ওপর হামলা

গোপালগঞ্জে বিএনপির ২ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপির ২ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App