×

যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

ছবি : সংগৃহীত

সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে নতুন করে হামলা না চালাতে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ তাকে অনুরোধ করেছে বলে দাবি করেছেন তিনি। যুদ্ধের বিস্তার ঘটলে নিজেদের দুর্বলতার কারণে দেশগুলো আরও বিপর্যয়ের মুখে পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই এ অনুরোধ জানানো হয়েছে বলে জানান ট্রাম্প।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের পাশাপাশি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কথাও উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব সম্পর্কে ট্রাম্প বলেন, দেশটিকে ধ্বংস করতে চাইলে তার মাত্র তিন দিন লাগবে। প্রথম দিনেই দেশটির জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দেওয়া সম্ভব।

ট্রাম্প বলেন, ‘আমি যদি তাদের ধ্বংস করতে চাই, তাহলে এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানতে পারি। তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে, প্রতিটি কাজের জন্য এক দিন করে।’

সৌদি আরবের অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এভাবেই চলতে দিই। কারণ, দেশটি ভেঙে পড়ছে।’

এ ছাড়া কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও আরও কিছুদিন অপেক্ষা করতে চায় বলে দাবি করেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিরাপত্তার নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল সৌদি আরব।

গত মার্চে ইরান যুদ্ধ চলাকালে সৌদি যুবরাজকে নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন, মোহাম্মদ বিন সালমান ভাবেননি যে এমন পরিস্থিতি তৈরি হবে। তিনি আরও বলেছিলেন, যুবরাজ ভেবেছিলেন, আগের একজন ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টের মতো তিনিও ক্ষমতা ছেড়ে চলে যাবেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় এখন তাকে ট্রাম্পের সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে।

যুদ্ধের প্রভাব উপসাগরীয় দেশগুলোতে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের সময় উপসাগরীয় কয়েকটি ছোট দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হলেও সৌদি আরব তুলনামূলকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পেরেছিল। তবে পরবর্তী সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে পড়ে দেশটি।

গত গ্রীষ্মে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে দেশটিতে নতুন করে সংঘাত চলছে।

হুথিরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও শহরে হামলা চালিয়েছে। এসব হামলার কারণে তেলবহির্ভূত অর্থনীতির প্রসারে গুরুত্বপূর্ণ কয়েকটি সম্মেলন বাতিল করতে বাধ্য হয়েছে সৌদি সরকার। একই সঙ্গে দেশটির জ্বালানি রপ্তানিও বাধাগ্রস্ত হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর ওপর যুদ্ধের নেতিবাচক প্রভাব নিয়ে ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে অনেক বিশ্লেষক একমত। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন উদ্বেগ নাকচ করে দিয়েছেন।

ট্রাম্প বলেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। তিনি বলেন, ‘তারা আমাদের দেশে বড় বিনিয়োগকারী। তারা যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে। যাদের সুরক্ষার জন্য আমরা এখানে আছি, তারাও চায় আমি যেভাবে এগোচ্ছি, সেভাবেই এগোই।’

এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে হরমুজ প্রণালি অবরোধ করে ইরানের অর্থনীতির ওপর চাপ সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব চিফ প্রসিকিউটরের নাকচ

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব চিফ প্রসিকিউটরের নাকচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App