ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে পাহাড়ি রাস্তায় খাদে পড়ে একটি বাসের অন্তত ৩১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (১৫ জুন) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এদিন ভোরে দেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার দিকে যাচ্ছিল একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস। পথে কম্বোলচা শহরের কাছে দুর্ঘটনাপ্রবণ ও আঁকাবাঁকা একটি পাহাড়ি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যানটি গভীর একটি গিরিখাতে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে দুর্ঘটনাকবলিত অঞ্চলের দুর্বল অবকাঠামো ও জরুরি সেবার সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অ্যাম্বুলেন্সের ঘাটতির কারণে উদ্ধারকারীরা সাধারণ গণপরিবহন ব্যবহার করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন। কর্মকর্তারা জানান, চিকিৎসা শুরুতে বিলম্ব হওয়ায় অনেক আহত ব্যক্তিই পরে মারা যান।
কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তাধীন। তবে ওই সড়কের পাহাড়ি ও বিপজ্জনক বাঁকগুলোর কারণে এলাকাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।
ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনার হার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। পূর্ব আফ্রিকার এই দেশটির সড়ক ব্যবস্থাকে দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সরকারি পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সড়ক নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।
২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যবর্তী ১২ বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাফিক সাইনেজ ও রাস্তার মার্কিংয়ের ঘাটতি সেখানে একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, যা দুর্ঘটনার অন্যতম কারণ।
এ ছাড়া ২০২৪ সালের ডিসেম্বরেও দেশটিতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলে একটি ট্রাক নদীতে পড়ে গেলে ঘটনাস্থলেই ৭১ যাত্রী নিহত হন।
সূত্র: এপি, ইন্ডিয়া টুডে
