×

আন্তর্জাতিক

হরমুজে হাজারো নাবিক আটকা, উদ্ধারে জাতিসংঘের অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১৩ এএম

হরমুজে হাজারো নাবিক আটকা, উদ্ধারে জাতিসংঘের অভিযান

ছবি: সংগৃহীত

অবসান ঘটছে হরমুজ প্রণালির সংকটের। সেখানে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে মুক্ত করতে উদ্ধার অভিযান শুরু করেছে জাতিসংঘ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর পরপরই জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এই বিশেষ অভিযান শুরু করেছে।

মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে বলেন, ‘এই উদ্ধার অভিযানটি অত্যন্ত জটিল। এটি ইরান, ওমান, যুক্তরাষ্ট্রসহ অঞ্চলের অন্য উপকূলীয় রাষ্ট্র এবং আন্তর্জাতিক সামুদ্রিক শিল্পের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘নাবিকদের নিরাপদভাবে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা গ্যারান্টি সংগ্রহ করা হয়েছে। নিরাপদ নৌ-চলাচলের পরিবেশ যথাযথভাবে যাচাই করা হয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এর পাল্টা জবাব হিসেবে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি কার্যত অবরুদ্ধ করে ফেলে। ফলস্বরূপ, শত শত বাণিজ্যিক জাহাজসহ হাজার হাজার নাবিক মাঝসমুদ্রে দীর্ঘ দিন ধরে আটকা পড়েন।

গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এই অঞ্চলে নৌ-চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শিপিংয়ের নজরদারি সংস্থা ‘কেপলার’ বলছে, গত সোমবার অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালিটি অতিক্রম করেছে। এটি যুদ্ধ শুরুর পর থেকে এক দিনে সর্বোচ্চ জাহাজ চলাচলের রেকর্ড।

ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সমুদ্রে জাহাজের ভিড় এবং সংঘর্ষের ঝুঁকি এড়াতে আইএমওর পরিকল্পনা অনুযায়ী উদ্ধার কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এতে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

এদিকে ডেনমার্ক জানিয়েছে, ফ্রান্স এবং ব্রিটেনের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মেরিটাইম মিশনে তারাও যোগ দিচ্ছে। এ মিশনের মূল লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুনরায় উন্মুক্ত করতে সহায়তা করা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ। এ পথে কোনো দেশকেই টোল আদায় করতে দেওয়া হবে না। অন্যদিকে, ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এই প্রণালির পরিস্থিতি আর কখনোই যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।

সূত্র: আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ৫ নেতা

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ৫ নেতা

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App