একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, যা বলছেন বিশেষজ্ঞ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি : সংগৃহীত
বিশ্বের তিনটি দেশে একই দিনে পৃথকভাবে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও সেগুলোর মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই বলে জানিয়েছেন ভূকম্পবিদরা। জাপানে ৬ দশমিক ৯ মাত্রার, ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্সের বরাতে এ তথ্য জানিয়েছে।
ড. জোন্স বলেন, এসব ভূমিকম্প পৃথক ফল্ট ব্যবস্থা ও টেকটোনিক প্লেটের সীমানায় সংঘটিত হয়েছে। ফলে একটি ভূমিকম্পের কারণে অন্যটি ঘটেছে—এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তিনি বলেন, হাজার হাজার মাইল দূরে সংঘটিত বড় ভূমিকম্প সাধারণত অন্য কোনো অঞ্চলে আরেকটি বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায় না। তার মতে, ঘটনাগুলোর সময় কাছাকাছি হওয়াটা কেবল কাকতালীয়। তবে প্রতিটি ভূমিকম্পই সক্রিয় প্লেট সীমানা বরাবর সংঘটিত হয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে ভূত্বকের নিচে চাপ জমা হচ্ছিল।
তিনি আরো বলেন, এসব অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হওয়া প্রাকৃতিক চক্রের অংশ। তবে ঠিক কখন ভূমিকম্প হবে, তা নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া এখনো সম্ভব নয়।
আরো পড়ুন : ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির শঙ্কা
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৪ মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণের মধ্যেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
সংস্থাটি জানিয়েছে, ভেনেজুয়েলার ভূমিকম্পগুলোতে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রাথমিক মূল্যায়নে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।
