‘ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ সেনা নামানোর পরিকল্পনা পুতিনের’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি : সংগৃহীত
ইউক্রেন যুদ্ধে নতুন করে আরও পাঁচ লাখ সেনা সংগ্রহের পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলেনস্কি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়ার ডুমা বা সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই নতুন করে বিপুলসংখ্যক সেনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হতে পারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিন এই যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা পোষণ করছেন না। তবে দেশের সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হওয়ার আশঙ্কায় তিনি নতুন সেনা সমাবেশের বিষয়টি প্রকাশ্যে করবেন না বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কির মতে, একসঙ্গে এত বিপুলসংখ্যক মানুষকে দ্রুত প্রশিক্ষণ দেওয়া রাশিয়ার পক্ষে সম্ভব হবে না। ফলে যুদ্ধক্ষেত্রে অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত সেনার সংখ্যা বাড়তে পারে। এর সরাসরি প্রভাব হিসেবে রুশ বাহিনীর প্রাণহানিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডের আরও গভীরে হামলা চালিয়ে যাওয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
তিনি বলেন, যুদ্ধ যখন ফ্রন্টলাইন ছাড়িয়ে কোনো দেশের অভ্যন্তরীণ অঞ্চল বা সাধারণ মানুষের বসবাসের এলাকায় ছড়িয়ে পড়ে, তখন বিষয়টি শুধু যুদ্ধের জয়-পরাজামের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং একটি জাতি হিসেবে টিকে থাকার প্রশ্নও সামনে চলে আসে।
এমন পরিস্থিতিতে পুতিন তার শেষ বিকল্প হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারেন বলেও সতর্ক করেন ফিদান। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর এডিটরস ডেস্ক প্রোগ্রামে দেওয়া বক্তব্যে তিনি পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেন। এ বিষয়ে পশ্চিমা মিত্রদের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই দূরপাল্লার হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এর ফলে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যাও বেড়েছে।
সম্প্রতি রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাতারস্তান অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। চার বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে এটি ইউক্রেনের অন্যতম প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি গ্রামে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রাতে ৪৫০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। বিপরীতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, একই রাতে রাশিয়া তাদের ভূখণ্ডে ১২৬টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
