গোমস্তাপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: ভোরের কাগজ
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশকে আরও সবুজায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সমবায় বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও জাতাহারা বণিক সমবায় সমিতি লিমিটেডের সৌজন্যে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
যাতাহারা বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মতিউর রহমান, সমিতির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনসহ সমিতির সদস্যবৃন্দ প্রমুখ।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. মতিউর রহমান জানায়, সরকারের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সমবায় সমিতিগুলোর সদস্যদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং সামাজিক বনায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন সমবায় সমিতিতে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সমবায় বিভাগের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য অর্জনে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সমবায় সমিতিগুলোর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার জাতীয় লক্ষ্য বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে, রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ এবং অত্র সমিতির সদস্যদের মাঝে ৩০ বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।
