মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
সিংগাইর ( মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
মনির হোসেন বশির। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মনির হোসেন বশিরের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোড়ার চর গ্রামের মনিরের ছেলে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) মনির হোসেন বশিরের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেছেন বলে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম নিশ্চিত করেন।
এর আগে রোববার দিবাগত মধ্যরাতে ঘটনাটি সদর থানা এলাকার শেষ এবং সিংগাইর থানা শুরুর ২০০ গজের মধ্যে ঘটে।
সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম বলেন, হামলাকারীরা বশিরের বন্ধু। তাদের বাড়িও সদর উপজেলায়। কিভাবে বশিরকে ইট ভাটায় নিয়ে আসলো, কেনো নিয়ে আসলো, কোপানোসহ সব বিষয়ে তদন্ত চলছে। আহত বশিরের বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।
এদিকে, এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আজ সোমবার দুপুরে নিষিদ্ধ সংগঠনটির জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বশিরের ওপর নৃশংস হামলা চালিয়ে তার দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে।
তবে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ জানান, মূলত নিজেদের মধ্যে দ্বন্দ্বে ওই ছেলের বন্ধুরাই তাকে কুপিয়েছে। মধ্যরাতে ইটভাটায় ওই ছেলে কাদের সাথে গেছে, কেনো গেছে- এসব বিষয়ে খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলার প্রতি দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি আরো বলেন, এখানে ছাত্রদল বা বিএনপির অঙ্গ-সংগঠনের নাম জড়িয়ে গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ সংগঠন। এর আগে শহীদ মিনারে একজনের আত্মহত্যার ঘটনা নিয়েও গুজব ছড়িয়েছে ওই নিষিদ্ধ সংগঠনটি।
