স্কুল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৯ শিশু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় বুকাভুর এলাকার একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ শিশু নিহত হয়েছে।
শহরটির নিয়ন্ত্রণকারী এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ জন ছাত্রী এবং ৫ জন ছাত্র রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।
স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে উজামা প্রাইমারি স্কুল ও ফুরাহা সেকেন্ডারি স্কুলে পৌঁছে যায়। আগুনে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির পাশাপাশি আশপাশের প্রায় ৩০০টি কাঠের ঘরও পুড়ে যায়।
আরো পড়ুন: আজ রাজধানীর আবহাওয়া কেমন থাকবে?
আগুনের খবর ছড়িয়ে পড়তেই স্কুল দুটির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপদে বের হতে গিয়ে শুরু হয় হুড়োহুড়ি। স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে জানান, এ সময় অনেক শিক্ষার্থী পরস্পরের ওপর পড়ে যায়। কেউ কেউ আগুন থেকে বের হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন এবং পদদলিত হয়েও প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত প্রায় ৫০ শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফসি/এম২৩-এর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে আরও ২৯ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বুকাভু শহরটি রুয়ান্ডার সমর্থনপুষ্ট এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। পূর্ব ডিআর কঙ্গোর খনিজসম্পদসমৃদ্ধ বিস্তীর্ণ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে গোষ্ঠীটি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এএফসি/এম২৩ জানিয়েছে, জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থানীয়দের শান্ত থাকা, ঐক্যবদ্ধ থাকা এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বুকাভুতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে গত রোববারের আগুনে ৪৫টির বেশি বাড়ি পুড়ে যায়।
